জলবায়ু খাতে ঋণ নেবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঋণ নেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল রোববার জাতিসংঘের সবুজ জলবায়ু তহবিল নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত কর্মশালায় তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমরা ঋণ নেব। ঋণ নিয়ে কাজ করতে আমাদের অসুবিধা নেই।’
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাত ও সিভিল সোসাইটি সংগঠনগুলো ঋণ নিয়ে কাজ করতে পারলে সরকার খুশিই হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘শিল্পোন্নত দেশগুলোর অতিমাত্রায় কার্বন নিঃসরণের ফলেই একের পর এক প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হচ্ছে। কিন্তু দুর্যোগের শিকার উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে নানা রকম শর্তারোপ করা হচ্ছে।’
কর্মশালার আর এক বিশেষ অতিথি বাংলাদেশ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, জাতিসংঘের সবুজ জলবায়ু তহবিলে মাত্র ১০২ কোটি ডলার জমা পড়েছে। কোপেনহেগেন চুক্তি অনুযায়ী ওই তহবিলের টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা ছিল। কিন্তু এখন ঋণ ও বিনিয়োগ হিসেবে ওই অর্থ বাংলাদেশসহ বিভিন্ন দেশকে দেওয়া হচ্ছে। জলবায়ু তহবিলের টাকা অনুদান হিসেবে দেওয়ার জন্য বাংলাদেশকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ঋণের ব্যাপারে সরকারের অবস্থানকে আরও পরিষ্কার করে দেন। তিনি বলেন, সরকার ইতিমধ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে উন্নয়নকাজ পরিচালনা করছে। স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে কাজ করার ক্ষেত্রে সরকারের কোনো সমস্যা নেই।
জিআইজেড, আইআইইডি, আইসিসিসিএডি, ব্র্যাক এবং ইউএনডিপির সহযোগিতায় অনুষ্ঠিত ওই কর্মশালায় সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
আরেক বিশেষ অতিথি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সচেতনতার ক্ষেত্রে এ রকম কর্মশালা গুরুত্বপূর্ণ। কর্মশালা থেকে বেরিয়ে আসবে উত্তরণের উপায়।’