জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক পদক্ষেপ প্রয়োজন: দীপু মনি
জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অবস্থান দক্ষিণ এশিয়ায়। তাই সামষ্টিকভাবে ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিকভাবে পদক্ষেপ নেওয়া উচিত। ভুটানের প্রধানমন্ত্রীর বিশেষ দূত খানডু ওয়াংচুকের সঙ্গে আলোচনার সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল মঙ্গলবার এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাতে ভুটানের বাণিজ্যমন্ত্রী খানডু ওয়াংচুক তাঁর দেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে বাংলাদেশ সফরে আসেন। তিনি গত সোমবার শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র তুলে দেন। আগামী ২৮ ও ২৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ষোড়শ শীর্ষ সম্মেলন। প্রথমবারের মতো ভুটানে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।ভুটানের প্রধানমন্ত্রীর বিশেষ দূত গতকাল দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় তিনি সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতির বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান। খানডু ওয়াংচুক জানান, এবারের সার্ক শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হবে জলবায়ু পরিবর্তন। সাক্ষাতের সময় তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।বৈঠক শেষে ভুটানের প্রধানমন্ত্রীর বিশেষ দূত তাঁর সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেন।