জলবায়ু ট্রাস্ট ফান্ডে হাজার কোটি টাকা বরাদ্দের সুপারিশ
আগামী অর্থবছরে জলবায়ু ট্রাস্ট ফান্ডে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়।
এ ছাড়া সভায় সংসদীয় কমিটি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণকল্পে দূষণকারী কোম্পানির ওপর ১ শতাংশ ‘ইকোট্যাক্স’ আরোপ করার জন্য অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করে। সংসদীয় কমিটি কর্তৃক সিলেটের হাওর অঞ্চল, পাথর উত্তোলন কার্যক্রমসহ বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল পরিদর্শনেরও সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদ সদস্য নবী নেওয়াজ, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান ও মেরিনা রহমান উপস্থিত ছিলেন।