কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় পদ্মা নদীর পাড় রক্ষায় বরাদ্দ করা জলবায়ু ট্রাস্টের প্রকল্পের টাকা জলে হারিয়ে যাচ্ছে। পাড় রক্ষায় বর্ষা মৌসুমে বালুর বস্তা ফেলায় তা কাজে আসছে না। এ অবস্থায় পদ্মার অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে নদীতীরবর্তী এলাকার মানুষ। গত এক সপ্তাহে ভাঙনে ওই ইউনিয়নের ৫০০ বাড়ি বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, তড়িঘড়ি করে ভরা বর্ষা মৌসুমে কাজ করায় এমন ঘটনা ঘটছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জলবায়ু ট্রাস্টের আওতায় পদ্মার ডান তীরের ভাঙন প্রতিরোধে দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট থেকে ফিলিপনগর পর্যন্ত রায়টা-মহিষকুণ্ডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৭৫০ মিটার অংশে নদীর পাড়ে জিও ব্যাগ (বালুর বস্তা) ফেলা, পাইলিং এবং ব্লক বসানোর কথা। ১০৭ মিটার করে মোট সাতজন ঠিকাদার ২৫ কোটি টাকার এই প্রকল্পের কার্যাদেশ পান ২৪ এপ্রিল। জুনের মাঝামাঝি থেকে ঠিকাদারেরা প্রতিটি ২০০ কেজি ওজনের জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেন। গতকাল সোমবার পর্যন্ত ৮৩ হাজার বস্তার মধ্যে ৭০ হাজার বস্তা ফেলা হয়েছে। কিন্তু জুনের শেষের দিকে নদীতে পানি বাড়ায় বস্তাগুলো তলিয়ে যেতে শুরু করে। গত রোববার সরেজমিনে দেখা যায়, বাঁধের পাড়ে শ্রমিকেরা যেখানে বস্তা ফেলছেন, সেখানে গভীরতা ৩০ ফুট। ওই এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘কন্টাকটার (ঠিকাদার) এদিক বস্তা ফেলছে আরেক দিক ভাঙগি যাচ্ছে। এতে কিছুই হবে না। আমাদের বাড়িঘর ভাঙগি যাচ্ছে এতে তাঁদের তাদের কিছু হচ্ছে না, কিন্তু এলাকার ক্ষতি হচ্ছে।’ একই এলাকার আবুল কাশেম (৮০) বলেন, ‘এ যাবৎ যে বস্তা ফেলছে তাতে গতিরোধ করতে পারছে না। পানি বেশি হই গেছে, এসব ফেইলি কিছুই হবে না।’ এলাকার অনেকেই বলছেন, ইসলামপুর এলাকায় পদ্মার মোহনায় বালুর বস্তা ফেলা হলে এমন ভাঙন হতো না। অপরিকল্পিতভাবে এ কাজ করা হচ্ছে। ভাঙনের বিষয়টি স্বীকার করে ৫, ৬ ও ৭ নম্বর অংশের (আবেদের ঘাট থেকে ফিলিপনগরের দিকে ৩২১ মিটার ) কাজের ঠিকাদারদের ব্যবস্থাপক শফিউল ইসলাম বলেন, এই তিনটি অংশে ফেলা বালুর বস্তা স্রোতে নদীতে চলে গেছে। নদীর মোহনায় কাজ করলে এমনটি হতো না। ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিন বলেন, ওই তিনটি অংশে ফেলা বস্তাগুলো তিন দিনেই তলিয়ে গেছে। বাকিগুলোও যাওয়ার পথে। পাউবো কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওবায়দুর রহমান বলেন, বালুর বস্তা তলিয়ে যাওয়ায় তেমন কোনো সমস্যা হবে না। এবার পদ্মার ভাঙনের রূপ ভয়াবহ। ইসলামপুর থেকে ফিলিপনগর পর্যন্ত দুই কিলোমিটার বাঁধ না দিলে দৌলতপুর রক্ষা করা কঠিন হয়ে পড়বে।