জলবায়ু তহবিল আদায় করে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক হেলেন ক্লার্ক বলেছেন, বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনজনিত প্রাপ্য তহবিল আদায় করে নিতে হবে। গতকাল শনিবার বিকেলে সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকির মুখে—বিশেষজ্ঞদের এ বক্তব্যে একমত প্রকাশ করেন হেলেন ক্লার্ক। তিনি এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ যে পরিবেশ বিপর্যয়ের শিকার, এটা সবারই জানা। সে জন্য জলবায়ু পরিবর্তন অভিযোজন খাতে যে তহবিল রয়েছে, তা পাওয়ার জন্য বাংলাদেশকে জোর চেষ্টা চালাতে হবে। সুনির্দিষ্ট কর্মকৌশল ও পরিকল্পনা প্রণয়ন ছাড়া এ অর্থ পাওয়া যাবে না।অভিযোজন খাতের তহবিলের পরিমাণ ১০ বিলিয়ন ডলার—এ কথা উল্লেখ করে ক্লার্ক বলেন, এ অঙ্ক ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা হতে পারে।ইউএনডিপির এই শীর্ষ কর্মকর্তা বলেন, এমডিজিতে বাংলাদেশের উন্নয়ন লক্ষণীয়। দারিদ্র্য বিমোচন, প্রাথমিক শিক্ষা, নারী-পুরুষের সমতা, শিশুমৃত্যুর হার কমানো ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট উন্নয়ন হয়েছে। তবে বাংলাদেশকে আরও কাজ করতে হবে। এখানে এখনো মাতৃমৃত্যুর হার বেশি। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবস্থাপনায়ও সমস্যা রয়েছে।