কোপেনহেগেন সম্মেলনের পরবর্তী অবস্থা নিয়ে সেমিনার
জলবায়ু তহবিল খরচে বর্তমান সরকারের দক্ষতা বাড়াতে হবে
জলবায়ু পরিবর্তন নিয়ে এক সেমিনারে বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বাংলাদেশ প্রচুর তহবিল পাবে। কিন্তু বর্তমান প্রশাসনিক কাঠামোতে এই তহবিল খরচ করা কঠিন হবে। এ জন্য সরকারকে খরচ করার বিষয়ে দক্ষতা বাড়াতে হবে।তবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সরকারের দক্ষতার অভাব নেই। সরকার নিজেও একটি তহবিল করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করবে সরকার। কারণ জলবায়ু পরিবর্তনের কারণ হচ্ছে উন্নত দেশগুলোর দূষণ।গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএস) মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয়বস্তু ছিল ‘কোপেনহেগেন সম্মেলনের পরবর্তী অবস্থা: বাংলাদেশের পরবর্তী করণীয়’। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) এশিয়া অঞ্চলের জলবায়ু পরিবর্তন বিষয়ে জ্যেষ্ঠ উপদেষ্টা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, শিল্পবিপ্লবের আগের অবস্থার তুলনায় পৃথিবীর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই তাপমাত্রা ২ ডিগ্রি বাড়লে সেটা ক্ষতিকর হবে, এটাকে ১ দশমিক ৫ ডিগ্রির বেশি বাড়তে দেওয়া যাবে না। পৃথিবীর স্বার্থেই এটা করতে হবে।আইনুন নিশাত বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় প্রচুর তহবিল আসবে। প্রশ্ন হচ্ছে, আমরা (বাংলাদেশ) এই তহবিল ব্যবহার করতে প্রস্তুত আছি কি না। আমাদের দ্রুত পরিকল্পনা নিতে হবে। আগামী দুই বছরে উন্নয়নশীল দেশগুলোর জন্য ১০ বিলিয়ন ডলার (প্রায় ৭০ হাজার কোটি টাকা) সহায়তা আসবে। উন্নয়নশীল ও দুর্যোগের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিকবলিত দেশ হিসেবে বাংলাদেশও সহায়তা পাবে। আমাদের এই টাকা ব্যবহার করার নীতিমালা তৈরি করতে হবে।’প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘অনেকে হয়তো অপেক্ষা করে আছে কখন তহবিল আসবে; প্রচুর কর্মশালা, সেমিনার হবে।... আমরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের শিকার। এ ক্ষতিপূরণের জন্য আমাদের সোচ্চার হতে হবে। তবে একটি কার্যকর সরকার কেবল বাইরের সাহায্যের আশায় বসে থাকতে পারে না। বাংলাদেশ সরকার ৭০০ জলবায়ু পরিবর্তন তহবিল গঠন করেছে।’কৃষিমন্ত্রী বলেন, চাষাবাদে ভূগর্ভস্থ পানি ও রাসায়নিক সার ব্যবহারের কারণে আমাদের ক্ষতি হচ্ছে। সরকার কৃষিকাজে নদী ও খালের পানি ব্যবহার করতে চায়, আর চায় জৈবসারের ব্যবহার বাড়াতে।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক আসাদুজ্জামান বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে উদ্ভূত সমস্যা মোকাবিলায় যে তহবিল হবে, তা কি যথেষ্ট হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা হবে না। সমস্যা মোকাবিলায় প্রাথমিকভাবে প্রতিবছর সাড়ে নয় বিলিয়ন ডলার (প্রায় সাড়ে ৬৬ হাজার কোটি টাকা) প্রয়োজন হবে। জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলায় কৌশলপত্র সময়ে সময়ে পরিবর্তন আনতে হবে। নিরাপদ পানি, কৃষি, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা—এই পাঁচটি বিষয়ে আমাদের ভাবতে হবে। আমাদের জাতীয় উন্নয়ন পরিকল্পনায়ও জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রাখতে হবে।’ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান স্টিফেন ফ্রোয়েন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সম্ভাব্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সমস্যা মোকাবিলায় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। আর জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বাংলাদেশ কার্যকর ও দক্ষ পদক্ষেপ নিয়েছে। এটা প্রশংসার যোগ্য।বিআইআইএসের মহাপরিচালক মেজর জেনারেল শেখ মো. মুনিরুল ইসলাম সেমিনারে সূচনা বক্তব্য দেন। মেজর জেনারেল মুহাম্মদ ফেরদৌস মিয়ার সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী পরিচালক আহসান উদ্দিন আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।