জলবায়ু তহবিল গঠনে জেনেভা সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় নতুন অর্থনৈতিক তহবিল গঠনে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে জেনেভা সংলাপ। বিশ্বের ৪৬টি দেশের মন্ত্রীরা এই সংলাপে অংশ নিচ্ছেন। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ও পরিবেশবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বাংলাদেশের পক্ষে ডায়ালগে অংশ নিতে গতকাল রাতে জেনেভা পৌঁছান।গতকাল জেনেভার স্থানীয় সময় বেলা দুইটায় সংলাপ শুরু হয়। উদ্বোধনী অধিবেশনে সুইজারল্যান্ডের পরিবেশমন্ত্রী মরিজ লিউয়েন বার্জার এবং মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব ইকোলজির প্রেসিডেন্ট আদ্রিয়ান ফার্নান্দেজ সভাপতিত্ব করেন।জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের পার্টিগুলোর মধ্যে অভিযোজন ও প্রশমন বিষয়ে একটি সাধারণ বোঝাপড়া বা চুক্তি থাকার পরও এটাকে আরও এগিয়ে নিতে বিশ্ব নেতারা এ আলোচনা বৈঠকে বসেন। এ ছাড়া এ সংলাপে জলবায়ু তহবিলের ব্যবস্থাপনা বিষয়ে আলোচনার পাশাপাশি একটি নতুন জলবায়ু তহবিল গঠনে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে দুই দিনের এ সংলাপে আলোচনা করা হবে।বিশ্ব জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মীমাংসা হতে পারে বলে আশা করা হচ্ছে।অংশগ্রহণকারী নেতারা আশা করছেন, সরকারি ও বেসরকারি খাতের অংশগ্রহণে জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় নতুন একটি তহবিল গঠন করে জলবায়ু অভিযোজন ও কার্বন নিঃসরণ কমানো, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা বৃদ্ধির জন্য নতুন তহবিল কীভাবে কাজ করবে, সে বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য ‘জেনেভা ডায়ালগ অন ক্লাইমেট ফাইন্যান্স’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি।