জলবায়ু তহবিল থেকে ৬০ হাজার পানচাষির ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত আগস্টে দেড় লাখ টাকা দাদন নিয়ে ৪০ শতাংশ জমিতে একটি পানের বরজ করেছিলাম। গত তিন মাসে বরজের পান বড় হয়। অক্টোবরের মাঝামাঝিতে চড়া মূল্যে বরজের কয়েক হাজার টাকার পান বিক্রিও করা হয়। কিন্তু সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় গিরির আঘাতে বরজটি ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ে। তাতে বরজে উৎপাদিত পান বিক্রি করে কয়েক লাখ টাকা আয়ের স্বপ্নও চুরমার হয়ে যায়। এখন নতুন করে বরজ তৈরি করে সংসার চালানো দূরের কথা, দাদনের টাকা শোধ করারও কোনো উপায় দেখছি না। কারণ পানচাষিরা ব্যাংক থেকেও কোনো ঋণ পান না।’গত মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আক্ষেপের সুরে কথাগুলো বললেন মহেশখালী উপজেলার কালারমারছড়া গ্রামের পানচাষি ইয়াজ উদ্দিন (৫৫)। ইয়াজ উদ্দিনের মতো মহেশখালীর শতাধিক চাষি সাগর পেরিয়ে জেলা শহরে এসেছেন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে তাঁদের অসহায়ত্বের কথা জানাতে।মহেশখালী উপজেলা সর্বস্তরের পানচাষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ শাহ আলম জানান, মহেশখালীর মিষ্টিপান বিশ্বসেরা। এই দ্বীপ উপজেলার প্রায় ৬০ হাজার চাষির অর্থকরী ফসল হচ্ছে পান। পান চাষের সঙ্গে এই উপজেলার দুই লাখ মানুষ পরোক্ষভাবে জড়িত। এখানকার উৎপাদিত পান দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কয়েকটি দেশে রপ্তানি করে প্রতিবছর প্রচুর বিদেশি মুদ্রা অর্জিত হচ্ছে।সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘চলতি মৌসুমে মহেশখালীতে প্রায় ১০ হাজার একর জমিতে পান চাষ হয়েছিল। এর মধ্যে সাম্প্রতিক দুর্যোগে প্রায় ছয় হাজার একর পানের বরজ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অবশিষ্ট চার হাজার একরের পানের বরজও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা (চাষিরা) সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইতে এলাম।’ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতির শিকার পানচাষিদের ক্ষতিপূরণ জলবায়ু তহবিল থেকে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।বেলা দুইটার দিকে চাষিরা অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) নুরুল আলম নিজামীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিটি দিয়ে এসব দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন পানচাষি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও উপদেষ্টা বশির উল্লাহ খান, পানচাষি আতাউর রহমান, শামসুল আলম, মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল আলম নিজামী পানচাষিদের স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করে জানান, স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।