জলবায়ু তহবিল দ্রুত ছাড়সহ ১৪ দফা ঢাকা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ জলবায়ু তহবিল দ্রুত ছাড়ের আহ্বান এবং ১৪ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে গতকাল সোমবার জলবায়ু বিপন্ন দেশগুলোর জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দুই দিনব্যাপী অধিবেশন শেষ হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে আগামী এক বছরের জন্য ফোরামের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।গতকাল সন্ধ্যায় ঢাকায় এক হোটেলে সংবাদ সম্মেলনে ফোরামের এ ঘোষণা জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফোরামের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে কোস্টারিকায়। ঘোষণা পাঠ করে শোনান বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, জলবায়ু বিপন্ন দেশগুলো নিজেদের স্বার্থেই এখন থেকে একজোট হয়ে একই সুরে কথা বলবে। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তাদের বক্তব্য ও দাবি তুলে ধরবে। দক্ষিণ আফ্রিকার ডারবানে আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনে চলতি শতাব্দীর মধ্যে যাতে বিশ্বের তাপমাত্রা আরও দেড় ডিগ্রি সেলসিয়াস না বাড়ে, সেই দাবি তোলা হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, এ জন্য ফোরামের পক্ষ থেকে শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে চাপ দেওয়া হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের জরুরি ভিত্তিতে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন উল্লেখ করে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ওই তহবিল থেকে তিন বিলিয়ন ডলারের কম অর্থ ছাড় হয়েছে। এই অর্থেরও স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে। বাংলাদেশ দ্বিপক্ষীয় সহায়তা হিসেবে এ পর্যন্ত ১২৫ মিলিয়ন ডলার সহায়তা পেয়েছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ তহবিল থেকে বাংলাদেশসহ বিপন্ন দেশগুলো পর্যাপ্ত সহায়তা পায়নি। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম বলেন, ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে মালদ্বীপের মতো ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলো সমুদ্রের নিচে তলিয়ে যাবে। ফলে জলবায়ু পরিবর্তন বিপন্ন দেশগুলোর জন্য অস্তিত্বের প্রশ্ন। ডারবান সম্মেলন তাই আমাদের বাঁচা-মরার লড়াই।’ কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট হোসে মারিয়া ফিগারস ওলসেন ‘ডারবান দখল করো’ আন্দোলনের ডাক দিয়েছেন উল্লেখ করে সাংবাদিকেরা জানতে চান, ডারবানে যদি শিল্পোন্নত দেশগুলো তাদের অঙ্গীকার পূরণ না করে, তাহলে জলবায়ু বিপন্ন দেশগুলো ‘ডারবান দখল করো’ আন্দোলন শুরু করবে কি না। উত্তরে হাছান মাহমুদ বলেন, ‘আমরা এই বক্তব্যে সাহসিকতার প্রশংসা করি।’ মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, প্রয়োজনে এ ধরনের আন্দোলনও গড়ে তুলতে হবে।