জলবায়ু তহবিল ব্যবহারে সক্ষমতা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু তহবিলগুলো থেকে অর্থ ছাড় করাতে ও প্রাপ্ত অর্থের যথাযথ ব্যবহারে সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, জলবায়ু তহবিলগুলো থেকে অর্থ ছাড় করাতে বাংলাদেশের যথাযথ প্রস্তুতি থাকে না। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে পাওয়া অর্থের যথাযথ ব্যবহারও হয় না।
‘জলবায়ু অর্থায়নে সুশাসন: বৈশ্বিক এবং জাতীয় প্রেক্ষিত’ শিরোনামে গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মসূচিতে পরিবেশ বিশেষজ্ঞরা এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমকর্মীদের জলবায়ু রাজনীতি, তহবিল এবং এ-সংক্রান্ত প্রতিবেদন তৈরির কৌশল বিষয়ে পরামর্শ দেন। এ খাতে দুর্নীতি রোধে নজর দেওয়ার কথা বলেন তাঁরা।
অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক মিজান আর খান বলেন, ‘জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে শক্ত ভূমিকা রাখতে হবে। আমাদের কেন অর্থ দরকার, বড় দেশ ও বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে সেটি বোঝাতে সক্ষম হতে হবে।’
বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী বুড়িগঙ্গা নদীতে কিংবা পলিথিনের নামে জলবায়ু তহবিলের টাকা ব্যয় করা ঠিক নয় বলে মন্তব্য করেন। তিনি ঘূর্ণিঝড় সিডর-আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চল কিংবা উত্তরাঞ্চলের খরাপ্রবণ অঞ্চলে এ অর্থ ব্যয় করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এনামুল হক বলেন, ‘অনেক সময় দেখা যায় কোনো প্রকল্পে অনুদান নেওয়ার সুযোগ থাকলেও আমরা সেখানে ঋণ নিচ্ছি। সমন্বয়হীনতা ও অজ্ঞতার কারণে এটি হয়। এটি এড়াতে গবেষণা ও জ্ঞান বাড়াতে হবে।’
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু নিয়ে সব প্রকল্পে নাগরিকদের চাহিদাগুলো তাঁদের কাছ থেকে জেনে নিয়ে সে অনুযায়ী কাজ করতে হবে। এ ক্ষেত্রে সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি গণমাধ্যমকেও ভূমিকা রাখতে হবে।