জলবায়ু তহবিলে স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু বিপর্যয় ব্যবহারে কোনো ঋণবাণিজ্য নয়, কার্বন নির্গমন বন্ধ করা, জলবায়ু তহবিলে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায়বিচার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার রাঙামাটি শহরে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় পরিবেশবাদীরা। জলবায়ু ন্যায্যতা সপ্তাহ উপলক্ষে সারা দেশে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে পার্বত্য চট্টগ্রামভিত্তিক পরিবেশবাদী সংগঠন গ্লোবাল ভিলেজ। সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভয়াবহ বিপর্যয় তৈরি হওয়ায় বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন-জীবিকা হুমকিতে রয়েছে। এ জন্য শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নির্গমনই দায়ী। বক্তারা বাংলাদেশকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে স্থানীয় প্রতিবেশভিত্তিক অভিযোজন নিশ্চিত করার অনুরোধ জানান। একই সঙ্গে এ জলবায়ু বিপর্যয় ব্যবহার করে যেকোনো ধরনের ঋণবাণিজ্য থেকে বাংলাদেশ সরকারকে দূরে থাকার আহ্বান জানান। বক্তারা পার্বত্য এলাকায় অবাধে বন নিধন ও পাহাড় কাটা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। সমাবেশে বক্তব্য দেন টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক পুলক রঞ্জন পালিত, যুব ইউনিয়নের রাঙামাটি জেলা সম্পাদক জিসান বখতেয়ার, স্কাউট সংগঠক নুরুল আবছার, দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক, গ্লোবাল ভিলেজের কর্মসূচি সংগঠক হেফাজত উল বারি, সংবাদকর্মী ফজলে এলাহী প্রমুখ।