বাংলাদেশ আগামী বছর থেকে ‘সবুজ জলবায়ু তহবিল’ থেকে অর্থ পাবে বলে আশা করছে সরকার। কানকুন সম্মেলনে ৩০ বিলিয়ন (৩০০ কোটি) ডলারের এই তহবিলে বাংলাদেশসহ স্বল্পোন্নত রাষ্ট্রগুলোকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে অংশ নেওয়া রাষ্ট্রগুলো। উদীয়মান অর্থনীতির দেশগুলো এই তহবিল থেকে অর্থ নেবে না বলেও সম্মেলনে ঘোষণা দিয়েছে।মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত জাতিসংঘের ১৬তম জলবায়ু সম্মেলনের অর্জন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী বছর থেকে অর্থ পাওয়া নিশ্চিত কি না, জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, জলবায়ু তহবিল থেকে অর্থ পেতে বাংলাদেশ এরই মধ্যে প্রকল্প তৈরি করে জমা দিয়েছে। তবে তহবিল-সংক্রান্ত প্রক্রিয়া শেষ করে তা ছাড় হতে ২০১২ সাল পর্যন্ত সময় লাগতে পারে। এই তহবিল থেকে বাংলাদেশ উপকূলীয় বেড়িবাঁধ মেরামত, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ ও বনায়নের মতো কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশের ভেতর দিয়ে বিপুল পরিমাণে পলি হিমালয়ে গিয়ে পড়ে এ কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এই পলিকে কাজে লাগিয়ে বাংলাদেশ নতুন ভূমি পুনরুদ্ধার করতে পারে। সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, সবুজ জলবায়ু তহবিলটি ২৪ সদস্যের একটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সমানসংখ্যক সদস্য থাকবে ওই বোর্ডে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য ট্রাস্টি হিসেবে বিশ্বব্যাংক এই তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। পরবর্তী সময়ে পর্যালোচনা করে দেখা হবে বিশ্বব্যাংককে ট্রাস্টি হিসেবে রাখা যায় কি না। সংবাদ সম্মেলনে জানানো হয়, সবুজ জলবায়ু তহবিলকে কার্যকর করতে ৪০ সদস্যের একটি কমিটি কাজ করবে। যার মধ্যে উন্নত বিশ্ব থেকে ১৫ জন ও উন্নয়নশীল দেশ থেকে ২৫ জন সদস্য থাকবেন, যার মধ্যে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো থেকে দুই জন সদস্য রাখা হবে। কানকুন চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে বাংলাদেশ ১৩৪ রাষ্ট্রের জোট, ৭৭ জাতিগোষ্ঠী এবং ৪৯টি স্বল্পোন্নত দেশের জোট এলডিসির মুখপাত্র হিসেবে ভূমিকা রেখেছে। বিভিন্ন জোটের মধ্যে সমঝোতা সৃষ্টিতে বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী গ্রেগ কমবেটকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁরা দুই জন অভিযোজন, জলবায়ু তহবিল, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনার দায়িত্ব পালন করেন। ‘কানকুন সম্মেলন নিয়ে শুরু থেকে কোনো উচ্চাশাও তৈরি করা হয়নি। সে তুলনায় সফলতা এসেছে উল্লেখযোগ্য পরিমাণে,’ এই মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ২০১২ সালের মধ্যে কিওটো প্রটোকলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এর পর উন্নত দেশগুলো কী পরিমাণে কার্বন নিঃসরণ কমাবে সেই সিদ্ধান্ত ২০১১ সালে ডারবানে অনুষ্ঠেয় সম্মেলনে নেওয়া হবে।