জলবায়ু তহবিলের অর্থ বরাদ্দে অস্বচ্ছতায় অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গঠিত সরকারি তহবিলের (ট্রাস্ট ফান্ড) অর্থ বরাদ্দে অস্বচ্ছতার কারণে অসন্তোষ প্রকাশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। অর্থ বরাদ্দের জন্য যেসব প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে, তা স্থগিত করে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের মতামত নিয়ে নতুন তালিকা করার সুপারিশ করেছে কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভায় এ সুপারিশ করা হয়। এ ব্যাপারে কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কমিটির বেশির ভাগ সদস্যই অর্থ বরাদ্দের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ কারণেই কমিটি ওই তালিকা স্থগিত করে পুনর্বিবেচনা করার জন্য বলেছে। তিনি বলেন, বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার সময় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন ভারপ্রাপ্ত সচিব অস্বচ্ছতার অভিযোগের ব্যাপারে কোনো জবাব দিতে পারেননি। জানা গেছে, বৈঠকে ট্রাস্ট তহবিলের মূল উদ্দেশ্যের সঙ্গে সংগতি রেখে তহবিলের অর্থ বরাদ্দ করা ও সত্যিকার ক্ষতিগ্রস্ত জনগণকে সেবার আওতায় আনার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। এ সম্পর্কে কমিটির বিগত বৈঠকগুলো থেকে দেওয়া দিকনির্দেশনা মন্ত্রণালয় অনুসরণ না করায়ও ক্ষোভ প্রকাশ করা হয়। কমিটি একাধিক মন্ত্রণালয় ও অধিদপ্তরের এই আচরণের সমালোচনা করে। কমিটি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও প্রকল্পে জলবায়ু তহবিলের অর্থ বরাদ্দের তালিকা স্থগিত বা বাতিল করার সুপারিশ করেছে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তালিকাভুক্তির অনুপাত ও এলাকা নির্ধারণসহ প্রাক্-যোগ্যতা যাচাইয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে একটি নতুন তালিকা তৈরির সুপারিশ করা হয়। আবদুল মোমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সাবের হোসেন চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, এম এ জব্বার, সোহরাব আলী, গোলাম সবুর, গিয়াস উদ্দিন আহমেদ ও পারভীন তালুকদার অংশ নেন।সভায় সৌরবিদ্যুৎচালিত ও জ্বালানিসাশ্রয়ী যন্ত্রপাতির আমদানি শুল্ক কমানো বা মওকুফ এবং শিল্প খাতে পরিবেশ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি চালু করার ক্ষেত্রে আর্থিক সুবিধা দেওয়ারও সুপারিশ করা হয়।