বিশ্বব্যাংক দেবে কারিগরি সহায়তা, মেনে নিয়েছে যুক্তরাজ্য
জলবায়ু তহবিলের অর্থ ব্যবস্থাপনা সরকারের হাতেই থাকছে
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তৈরি হওয়া মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্ব অবশেষে বাংলাদেশ সরকারের হাতেই থাকছে। তবে এই অর্থ কীভাবে খরচ হবে, তার জন্য বিশ্বব্যাংক কারিগরি সহায়তা দেবে। এ জন্য সরকার বিশ্বব্যাংককে মোট অর্থের ১ শতাংশ দেবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ উন্নয়ন ফোরামে (বিডিএফ) পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক অধিবেশনে উন্নয়ন সহযোগী ও সরকারের মধ্যে আলোচনায় এই বিষয়টি নির্ধারণ করা হয়েছে। অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ বিদেশি পরামর্শকদের সহায়তা ছাড়াই জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মপরিকল্পনা তৈরি করেছে। উন্নয়ন-সহযোগীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে এ উদ্যোগ বাস্তবায়নের জন্য উন্নয়ন-সহযোগীদের কাছ থেকে সহায়তা চাওয়া হয়েছে।মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ডে যুক্তরাজ্য সরকারের দেওয়া সাত কোটি পাউন্ডের ব্যবস্থাপনা নিয়ে উন্নয়ন-সহযোগীদের সঙ্গে সরকারের মতভিন্নতা তৈরি হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আজকের অধিবেশনে এ নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে এই অর্থ ব্যবস্থাপনার দায়িত্বে বিশ্বব্যাংককে রাখার প্রস্তাব করা হয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে বাংলাদেশ সরকারের হাতে। এ নিয়ে দুই পক্ষের আলোচনা চলছে।’ আগামী দু-এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সমাধানে পৌঁছানো যাবে বলে তিনি আশা করেন। উন্নয়ন-সহযোগীদের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে গিয়ে বলা হয়েছে, বাংলাদেশে পৃথিবীর আড়াই শতাংশেরও বেশি জনসংখ্যা রয়েছে। এসব মানুষকে সহায়তা করা উন্নত দেশগুলোর দায়িত্ব—এ কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের কোনো ভৌগোলিক সীমানা নেই। উন্নয়ন-সহযোগীরাও এই কথার সঙ্গে একমত হয়েছে। পরে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, নদীগুলো খননের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে গড়াই নদীর তিন কিলোমিটার খনন করা হয়েছে। আইলা এলাকার বিধ্বস্ত বেড়িবাঁধগুলোর মেরামত এখনো শেষ হয়নি কেন— জানতে চাইলে মন্ত্রী বলেন, মার্চের মধ্যেই প্রাথমিক মেরামতের কাজ শেষ হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার উপযোগী করে বেড়িবাঁধগুলো মেরামত করতে উন্নয়ন-সহযোগীদের কাছে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে।সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার পর যুক্তরাজ্যের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি) আবাসিক পরিচালক ক্রিস অস্টিনের কাছে মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনা নিয়ে সরকারের সঙ্গে তৈরি হওয়া মতভিন্নতা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি বলেন, মোট তহবিলের ১ শতাংশের বিনিময়ে বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারকে কারিগরি সহায়তা দেবে। বাকি তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে বাংলাদেশ সরকার। এ ব্যাপারে তাঁরা একমত হয়েছেন।