জলবায়ু তহবিলের ওপর নজর রাখতে টিআইবির প্রকল্প
জলবায়ু তহবিল ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে তহবিলের ওপর নজর রাখবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে দুর্নীতিবিরোধী সংগঠনটি।গতকাল শনিবার বিশ্ব ধরিত্রী দিবসের কর্মসূচি শেষে সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, জলবায়ু তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ফলো দ্য মানি’ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে টিআইবি।সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু তহবিলে অর্থ ব্যয়ে অসংগতি নিয়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেগুলো তাঁরা সংগ্রহ করেছেন। এসব প্রতিবেদনের তথ্য যাচাই করবে টিআইবি।সংবাদ সম্মেলনে ভূমি ও পানিসম্পদ ব্যবস্থাপনায় জড়িত সবার জবাবদিহি প্রতিষ্ঠাসহ ১৩ দফা দাবি উত্থাপন করে টিআইবি।সাংবাদিকদের ইফতেখারুজ্জামান বলেন, ভূমি প্রশাসন ও পানিসম্পদ ব্যবস্থাপনায় দুর্নীতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জনগণ মৌলিক অধিকার ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সিন্ডিকেট গড়ে উঠেছে। এরা খাসজমি ও নদনদী দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। দরিদ্র জনগোষ্ঠী অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিপদগ্রস্ত দেশগুলোর শীর্ষে রয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব দৃশ্যমান হচ্ছে। নিম্ন আয় ও জলবায়ু উদ্বাস্তুদের প্রাপ্য সরকারি খাসজমি এবং জলাধার একশ্রেণীর রাজনীতিবিদ, আমলা, ভূমি ব্যবসায়ীরা দখলের মহোৎসবে নেমেছেন। জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, খরার মতো প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ ভয়াবহভাবে বৃদ্ধ্রিপেয়েছে। এর ফলে উপকূল অঞ্চলের মানুষ নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদ হচ্ছে। খাবার পানির উৎসসমূহে লবণাক্ততা বেড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে।’ ইফতেখারুজ্জামান বলেন, সুন্দরবনের ভূমিও দখল হয়ে যাচ্ছে। অন্যদিকে সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়ে এই বিরল বনের স্থায়ী ক্ষতি করার পথ তৈরি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, শিল্পমালিকেরা আইন অমান্য করে নদী ও জলাধারে অবাধে রাসায়নিক বর্জ্য নিক্ষেপ করছেন। এর ফলে খাদ্যশস্যে বিষক্রিয়া এবং জনস্বাস্থ্য হুমকিতে পড়েছে।টিআইবির ১৩ দফা দাবির মধ্যে পানিসম্পদকে উন্নয়ন ও জনগণের জীবনমান পরিবর্তনের লক্ষ্যে ব্যবহার, আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সুন্দরবনসহ সব প্রাকৃতিক সম্পদের অস্তিত্বকে প্রাধান্য দেওয়া, কক্সবাজার সমুদ্রসৈকতের দখল ও অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ, জলমহাল ও নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ঢাকার জন্য বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়ন করার কথা আছে।এদিকে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে টিআইবি।