জলবায়ু তহবিলের কাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালায় জলবায়ু ট্রাস্ট তহবিলের অর্থায়নে ঘূর্ণিঝড় সহনীয় গৃহনির্মাণ প্রকল্পের কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রে উপকারভোগীরা ঋণ করে ঘরের দেয়াল নির্মাণ ও দরজা ও জানালা লাগানোর কাজ করে নিয়েছেন। অথচ এসব কাজ দেখিয়েই ঠিকাদাররা ৩০ ভাগ (১৫ লাখ টাকা) বিল ইতিমধ্যে তুলে নিয়েছেন। কিছু কাজ করলেও সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহারে অভিযোগ পাওয়া গেছে।
তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, জলবায়ু ট্রাস্ট তহবিলের অর্থায়নে ঘূর্ণিঝড় সহনীয় গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ২০১২ সালের জানুয়ারি মাসে এ উপজেলায় ৭৮ টি ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘরের জন্য এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়। তখন চারটি পিলারের ওপর ছাদ দিয়েই কাজ শেষ করা হয়। প্রায় দুই বছর পর এসব ঘরের দেয়াল নির্মাণ এবং দরজা ও জানালা লাগানোর জন্য ৪৯ লাখ ৫৬ হাজার ১২০ অর্থ বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় পিআইওকে।
পিআইও কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ২০১৩ সালের ২৮ অক্টোবর কার্যাদেশ দেওয়া হয়। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ করা হয় ৬৩ হাজার ৫৪০ টাকা। এর মধ্যে একটি দরপত্রে ৫০টি ঘরের দেয়াল নির্মাণ এবং দরজা ও জানালা লাগানোর দায়িত্ব পান আলাউদ্দিন গাজী। অপর ২৮ টির দায়িত্ব পান রব এন্টারপ্রাইজের মালিক আব্দুর রব। ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলার বালিয়া ও ডুমুরিয়া গ্রামের ঘর মালিকেরা অভিযোগ করেন, অধিকাংশ ঘরের দেয়াল নির্মাণ এবং দরজা ও জানালা লাগানোর কাজ তাঁরা আগেই করেছেন। এসব গ্রামে কাজ করেছেন আলাউদ্দিন গাজী।
বালিয়া গ্রামের আয়জান বিবি জানান, তাঁর ঘরের সামান্য কাজ বাকি ছিল। বাকি কাজ ২২০টি ইট এনে শেষ করেছেন ঠিকাদার। তার ঘরটিতে কিছুদিন আগে পলেস্তারা করা হয়েছে। কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হাত দিয়ে ঘষা দিলেই সেই পলেস্তারা উঠে যাচ্ছে।
বালিয়া গ্রামের হোসনেয়ারা বেগম অভিযোগ করেন, তিনি গ্রামীণ ব্যাংক থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে ও নিজে কিছু টাকা খরচ করে ঘরটির দরজা-জানালা ও দেয়াল নির্মাণ করেছেন। তাঁর ঘরে আগেই পলেস্তারা করাছিল। তার ওপর ঠিকাদারের লোকজনঘষা-মাজা দিয়েছে মাত্র। মেসার্স রব এন্টারপ্রাইজের মালিক আব্দুর রব জানান, কাজ পাওয়ার পর তিনি তা তালার কনক ঘোষ নামের এক ঠিকাদারের কাছে বিক্রি করে দিয়েছেন। কনক ঘোষ জানান, কয়েকটি ঘরে মালিকরা কাজ করে নিয়েছেন। তাঁদের কিছু খরচ দেওয়া হবে। এ পর্যন্ত ৩০ ভাগ বিল পেয়েছেন। ঠিকাদার আলাউদ্দিন গাজী জানান, তার ৫০টির মধ্যে ৪৪টি ঘরের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এরমধ্যে কয়েকটি ঘরে মালিকেরা ইটের গাঁথুনি করে নিয়েছে আগে। তারা যে টাকা খরচ করে তা দিয়ে দিতে চেয়েছি। ৩০ ভাগ বিল পেলেও খরচ হয়েছে অনেক বেশি। পিআইও মাহফুজুর রহমান দাবি করেন, যেসব কাজ মালিকেরা করে নিয়েছেন সেসব কাজের বিল ঠিকাদাররা পাবেন না। মালিক কাজ করে নিয়ে থাকলে বিল তারা পাবেন। কাজের ৩০ ভাগ বিল পরিশোধ করা হলো কিভাবে জানতে চাইলে তিনি বলেন, তদারকি করে বিল দেওয়া হয়েছে।