জলবায়ু তহবিলের স্বচ্ছতায় জোর দিলেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুক্তরাজ্যের দেওয়া সহায়তা সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। সফররত যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী গতকাল মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংলাপে এ কথা বলেন। সংলাপের বিষয় ছিল ‘যুক্তরাজ্য-বাংলাদেশ ঘনিষ্ঠ মিত্রতা এবং সাধারণ চ্যালেঞ্জসমূহ’। উপাচার্য আইনুন নিশাতের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, বিভিন্ন উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন। অ্যালিস্টার বার্ট তাঁর বক্তব্যে বলেন, যুক্তরাজ্য সরকার ন্যায্য বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করার জন্য সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।বাংলাদেশে নিষিদ্ধ আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীর কীভাবে যুক্তরাজ্যে কার্যক্রম অব্যাহত রাখতে পেরেছে—এ প্রশ্নের জবাবে অ্যালিস্টার বার্ট বলেন, যুক্তরাজ্য মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। কোনো সংগঠন শান্তিপূর্ণ পন্থায় কার্যক্রম চালিয়ে গেলে তাতে বাধা দেওয়া হয় না। জুলাই থেকে ভিসায় পরিবর্তন আসছে নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, আগামী জুলাই থেকে যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট। গতকাল সিলেটে এক সংবাদ সমেঞ্চলনে এ তথ্য জানান তিনি। বিকেলে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সমেঞ্চলনে অ্যালিস্টার বার্ট বলেন, ফ্যামিলি ভিজিট ভিসার আবেদন প্রত্যাখ্যাত হলে ১ জুলাই থেকে আপিল করার সুযোগ থাকবে না। এ ক্ষেত্রে নতুনভাবে আবেদন করতে হবে। আগামী জুলাই থেকে সেটেলমেন্ট ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির আবেদনের ক্ষেত্রেও এই নীতিমালা চালু হবে। এ ছাড়া ব্যবসায়ীরা যাতে সম্ভাব্য দ্রুততম সময়ে ভিসা পেতে পারেন, সে জন্য ঢাকার ব্রিটিশ হাইকমিশনে প্রিমিয়াম সার্ভিস চালু হবে। এক প্রশ্নের জবাবে বার্ট বলেন, যুক্তরাজ্যে বর্তমানে যেসব শিক্ষার্থী কলেজ বন্ধ হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়েছেন, তাঁদের ব্যাপারে সে দেশে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারের সঙ্গে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস কর্তৃপক্ষের আলোচনা চলছে। অ্যালিস্টার বার্ট এ সময় আরও বলেন, গত সোমবার ঢাকায় বিরোধীদলীয় নেতার সঙ্গে আলাপকালে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে তাঁর বক্তব্য প্রচারমাধ্যমে সঠিকভাবে আসেনি। এ বিষয়ে আবার সংবাদ সমেঞ্চলনে বক্তব্য দেবেন তিনি। এর আগে অ্যালিস্টার বার্ট ডিএফআইডির অর্থসহায়তায় সিলেট শহরে পরিচালিত নগর দারিদ্র্য বিমোচন কর্মসূচির একটি কেন্দ্র পরিদর্শন করেন।