জলবায়ু তহবিলের ১ কোটি ৩০ লাখ পাউন্ড ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গঠিত তহবিলে বাংলাদেশের জন্য বরাদ্দ করা ১ কোটি ৩০ লাখ পাউন্ড খরচ না হয়েই যুক্তরাজ্যে ফেরত গেছে। বিশ্বব্যাংকের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিয়েলেন্স ফান্ডের (বিসিসিআর) আওতায় যুক্তরাজ্যের দাতা সংস্থা ডিএফআইডি এ অর্থ বরাদ্দ রেখেছিল। কিন্তু বিশ্বব্যাংকের দেওয়া কঠিন শর্ত নিয়ে বনিবনা না হওয়ায় এ অর্থ নেয়নি বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান-এর এক অনলাইন প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে মরক্কোতে চলমান সম্মেলনে এ বিষয়টি আলোচিত হচ্ছে।
এ বিষয়ে জানতে গতকাল রাতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বিশ্বব্যাংক শাখার প্রধান ও অতিরিক্ত সচিব কাজী সফিকুল আজমের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি এ বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
গার্ডিয়ান-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হলো বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশেষজ্ঞ ও গবেষকেরা দাবি করছেন, ডিএফআইডির ১ কোটি ৩০ লাখ পাউন্ড ফেরত আসার মানে হলো জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় যুক্তরাজ্যের ব্যর্থতা।
গার্ডিয়ান–এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বব্যাংকের নেতৃত্বে ২০১০ সালে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিয়েলেন্স ফান্ড (বিসিসিআর) গঠন করা হয়। ডিএফআইডি তখন সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশ সরকারকে এ অর্থ সরাসরি না দিয়ে বিসিসিআইয়ের মাধ্যমে দেওয়া হবে। এ ধরনের উদ্যোগের পাশাপাশি বিশ্বব্যাংকের কঠিন শর্তের কারণে এ অর্থ নিতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ।