জলবায়ু নিয়ে কথা বলা ফ্যাশন, নদী বাঁচাতে মাথা ব্যথা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শুধু জলবায়ু নিয়ে কথা বলা একধরনের ফ্যাশন হয়ে গেছে। নদীগুলো যে মরে যাচ্ছে, তা নিয়ে কারও মাথাব্যথা নেই।
গতকাল শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি মনে করি, সবার আগে নদীগুলো বাঁচাতে হবে। নদীশাসনের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। সেই নদীর পানি ব্যবহার করে আমাদের বাঁচতে হবে।’
সৈয়দ আশরাফ আরও বলেন, ‘মানুষ প্রকৃতির প্রতি নির্দয় ছিল, প্রকৃতির অনেক ক্ষতি করেছে। প্রকৃতি আজ আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘মানুষ যদি বেঁচে থাকার জন্য পানি না পায়, তাহলে এত সড়ক নির্মাণ করে কী হবে?’
রাজধানী ঢাকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার পানি থেকে দুর্গন্ধ বের হয়। দেখতে মবিলের মতো লাগে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রফেশনালিজম তৈরি করতে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠান করে দিচ্ছেন। এর সঠিক ব্যবহার করে জনগণের উপকার করতে হবে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহম্মেদ, কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ সোহরাব উদ্দিন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।