জলবায়ু পরিবর্তন ইস্যুর জোরালো প্রচার চাই
সরকার জলবায়ুর নেতিবাচক প্রভাব থেকে বিভিন্নভাবে জনগণকে মুক্ত করতে পারে। এ জন্য মাঠপর্যায়ে কাজ করা দরকার। এই খাতে বিনিয়োগ বাড়াতে হবে। সরকার জলবায়ু ইস্যুতে যত বেশি বিনিয়োগ বাড়াবে, তত বেশি সুফল মিলবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের ত্রয়োদশ দ্বিবার্ষিক সম্মেলনে ‘জলবায়ু পরিবর্তন: কোপেনহেগেন থেকে কানকুন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী ফরহাদ জালাল বলেন, বাংলাদেশ সরকারের উচিত জলবায়ু ইস্যুতে আরও সচেতন হওয়া। জলবায়ু পরিবর্তনের ব্যাপারটি জনগণের মধ্যে জোরালোভাবে প্রচারের আহ্বান জানান তিনি।সভাপতিত্ব করেন কামরুল ইসলাম চৌধুরী। আরও বক্তব্য দেন পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাসান হাফিজ ও কোষাধ্যক্ষ অরুণ কর্মকার, ফোরামের সদস্য প্রণব সাহা, আশীষ-উর রহমান, সাহিদুল ইসলাম চৌধুরী, রুহুল আমিন রুশদ, শামীমা চৌধুরী, অদিতি রহমান, কাদের গণি চৌধুরী, সালাউদ্দিন বাবলু প্রমুখ। বিজ্ঞপ্তি।