প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আরও বেশি আর্থিক সহায়তার জন্য উন্নত বিশ্বের প্রতি আবার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার বিকেলে অস্ট্রেলিয়ার পার্থের স্টেট রিসেপশন সেন্টারে অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনের অধিবেশনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে কম দায়ী হওয়া সত্ত্বেও বাংলাদেশ জলবায়ুর পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ক্ষতিকর দেশগুলোর একটি। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বর এবং কমনওয়েলথের অন্যান্য দেশের সরকারপ্রধানেরাও এ অধিবেশনে যোগ দেন।অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, শেখ হাসিনা ও কমনওয়েলথ নেতারা জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা, নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুর পরিবর্তনের ঝুঁকি সত্ত্বেও তাঁর সরকার জনগণের জন্য খাদ্যনিরাপত্তা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিকেলে শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার মুক্তিযুদ্ধের চেতনায় ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি, শিল্প, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন খাতে তাঁর সরকারের সফলতার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত আড়াই বছরে দুই হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে—খুব শিগগির বাংলাদেশ জ্বালানিসংকট থেকে মুক্তি পাবে। তিনি রূপকল্প-২০২১-এর মাধ্যমে বাংলাদেশকে ডিজিটাল দেশে পরিণত করার জন্য প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন।নতুনভাবে প্রবাসীকল্যাণ ব্যাংক চালুর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের বৃহত্তর স্বার্থে প্রবাসীরা বিভিন্ন উন্নয়নমূলক খাতে বিনিয়োগ করতে পারেন। প্রধানমন্ত্রী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। আজ রোববার রাতে তিনি দেশে ফিরবেন।