জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি
স্থানীয় জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা দিতে এক কোটি ২৫ লাখ ডলারের একটি তহবিল পরিচালনা করবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এই তহবিলের আওতায় মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করবে। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড (বিসিসিআরএফ) থেকে তহবিলের অর্থসহায়তা দেওয়া হবে। গতকাল সোমবার এনইসি সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্বব্যাংক বিসিসিআরএফের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত দেশীয় পরিচালক ক্রিস্টিনা কিমস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন অবস্থায় রয়েছে, এমন জনগোষ্ঠীর জন্য এই তহবিল থেকে সহায়তা দেওয়া হবে। এটা বিপন্ন জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রস্তুত করবে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরস্তু খান বলেন, এই তহবিল থেকে বন্যা, খরা ও ঝড়ের কারণে বিপন্ন জনগোষ্ঠীকে সহায়তা দেওয়া হবে। এনজিও প্রকল্পগুলো থেকে যেসব সফলতা তৈরি হবে, তা অন্য এলাকার বিপন্ন মানুষের জন্য শিক্ষা হিসেবে ছড়িয়ে দেওয়া হবে।যুক্তরাজ্যের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ডিএফআইডি, যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএইড, অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা অসএইড, ডেনমার্ক সরকার, সুইডেন সরকার ও সুইজারল্যান্ড সরকার সম্মিলিতভাবে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মোট ১২৫ কোটি ডলারের সহায়তা তহবিল দিয়েছে। বিসিসিআরএফ নামের ওই তহবিলের ব্যবস্থাপনা ও কারিগরি দিক দেখভালের দায়িত্বে রয়েছে বিশ্বব্যাংক।