জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানির জন্য একটি বৈশ্বিক তহবিল গঠনের ব্যাপারে বিশ্বনেতাদের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, জলবায়ু পরিবর্তন ইস্যু মোকাবিলায় অবশ্যই সম্মিলিত, কার্যকর ও সংগতিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি গতকাল শনিবার জার্মানির মিউনিখে ‘ক্লাইমেট সিকিউরিটি: গুড কপ, ব্যাড কপস’ শীর্ষক এক প্যানেল আলোচনায় এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক ইস্যু এবং এর সমাধান অবশ্যই বৈশ্বিকভাবে হতে হবে...এ জন্য প্রয়োজন সম্মিলিত এবং কার্যকর পদক্ষেপ। কোনো একটি দেশের অসহযোগিতা সবার জন্য হুমকি হতে পারে। আমরা অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব ভাগাভাগি করে নেব।’
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জলবায়ু পরিবর্তনের প্রধান তিনটি উপাদান তুলে ধরেন। খাদ্যনিরাপত্তাকে প্রধান উপাদান হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, ‘আমাদের জলবায়ু পরিবর্তন সহিষ্ণু চাষাবাদব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।’Ñশেখ হাসিনা পানিনিরাপত্তাকে দ্বিতীয় উপাদান হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য কারণে জীবন-জীবিকার জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানির সংকট তীব্র হয়ে উঠছে।
জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসনকে তৃতীয় উপাদান হিসেবে তুলে ধরেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়ন কার্যক্রমে কার্বন নিঃসরণ নিম্নমাত্রায় নিয়ে আসার লক্ষ্য অর্জনে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করেছে। সরকার নিজস্ব অর্থায়নে ৪০০ মিলিয়ন ডলারের ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন’ করেছে। শেখ হাসিনা প্রায় ৯০০ কিলোমিটার কোস্টাল গ্রিন বেল্ট প্রকল্প গ্রহণ এবং প্রায় ৪৫ লাখ বাড়িতে সৌরবিদ্যুৎব্যবস্থা স্থাপন করার কথা উল্লেখ করেন। প্যানেল আলোচনার পর পররাষ্ট্রসচিব এম শহীদুল হক এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভাষণের বিষয়গুলো তুলে ধরেন।
ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারেন
এদিকে দুর্নীতির ভ্রান্ত অভিযোগে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত এবং কানাডার আদালতে মামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখ শহরের ম্যারিয়ট হোটেলে গত শুক্রবার জার্মানি শাখা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের অর্থ প্রত্যাহারের নেপথ্যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের জড়িত থাকার ইঙ্গিত করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের তৎকালীন সরকারের এক প্রভাবশালী ব্যক্তি ও ড. মুহাম্মদ ইউনূস আমার পরিবারের সদস্যদের পর্যন্ত এই মিথ্যা দুর্নীতির অভিযোগের সঙ্গে জড়ানোর চেষ্টা করেন।’
শেখ হাসিনা বলেন, ‘বিশ্বব্যাংক তাদের অভিযোগ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা যদি দুর্নীতিই করতাম, তাহলে বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারতাম না।’