জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা দেবে ডেনমার্ক
পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় ডেনমার্ক বাংলাদেশকে সহায়তা দেবে। বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত সেভেন্থ ওলিং এ কথা বলেন।গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) আয়োজিত ‘সুশাসন: পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন। এফইজেবির ২৯ বছরে পদার্পণ উপলক্ষে ৫ আগস্ট থেকে একটি ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গতকালের ওই আলোচনার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের প্রধান বক্তা ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে তাঁর দেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের কয়েক দিন পরই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ডেনমার্কের সাহায্য কার্যক্রম শুরু করা হয়। ইউরোপের দেশগুলোর মধ্যে ডেনমার্কই প্রথম পর্যায়ে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এ ছাড়া অতীতে বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা সম্প্রসারিত হয়েছে। তিনি বলেন, টেকসই উন্নয়ন, পরিবেশ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও ডেনমার্ক অভিজ্ঞতা বিনিময় করতে পারে। ডেনমার্ক জ্বালানি সুরক্ষা বিশেষ করে সৌরবিদ্যুৎ, বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর কার্যক্রমগুলোতে বাংলাদেশকে সহায়তা দেবে। রাষ্ট্রদূত আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থের পাশাপাশি প্রযুক্তি ও দক্ষতারও প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশগুলোর সহায়তা করা প্রয়োজন। এই সহায়তা পাওয়া বাংলাদেশের নৈতিক অধিকার এবং সহায়তা দেওয়া উন্নত দেশগুলোর নৈতিক দায়িত্ব। ওলিং বলেন, ডেনমার্ক এককভাবে ২০২০ সালের মধ্যে তাদের কার্বন নিঃসরণের মাত্রা ৩০ শতাংশ কমিয়ে আনবে। এ ছাড়া আগামী ৩৯ বছরের মধ্যে তারা কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনা এবং এর মধ্যবর্তী সময়ে রাজধানী কোপেনহেগেনকে কার্বনমুক্ত শহরে পরিণত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।আলোচনায় ইউএনডিপির সাবেক উপ-আবাসিক প্রতিনিধি শিরিন কামাল সাঈদ বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। উন্নয়নের ক্ষেত্রে দেশে বিভিন্ন সংস্থার মডেল দৃষ্টান্ত হিসেবে রয়েছে। এ ক্ষেত্রে তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা যেতে পারে।আলোচনায় সভাপতিত্ব করেন এফইজেবির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠাতা সহসভাপতি গাজীউর রহমান, সাধারণ সম্পাদক হাসান হাফিজ, মৃণাল কান্তি রায়, বদিউল আলম প্রমুখ।