জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখছেন উপকারভোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনাঞ্চল উজাড় রোধ করতে সরকার সামাজিক বনায়নের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে বনাঞ্চল রক্ষার পাশাপাশি উপকারভোগীদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখছেন উপকারভোগীরা। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ কার্যালয়ে উপকারভোগীদের মধ্যে চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের বনসংরক্ষক আবদুল লতিফ মিয়া। উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক সফিউল আলম চৌধুরী। অনুষ্ঠানে উপকারভোগী ২০ জনের মধ্যে ৩১ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
প্রধান বন সংরক্ষক সফিউল আলম চৌধুরী বলেন, ভবিষ্যতে বনাঞ্চলে একাশিয়াগাছের পাশাপাশি অন্যান্য জাতের গাছের চারা লাগাতে হবে। এতে লাভের পরিমাণ যেমন বেশি হবে, পাশাপাশি পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আবদুল লতিফ মিয়া বলেন, শুধু বন বিভাগের একার পক্ষে বনাঞ্চল রক্ষা সম্ভব নয়। এ জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হচ্ছে। উপকারভোগী নূর আক্তার ও বজলুর রহমান বলেন, শুরুতে বন বিভাগের বাগান পাহারা দিয়ে লাভের টাকা পাবেন, তা বিশ্বাস করতে পারিনি।
পদুয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক মতলবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রফিকুল ইসলাম চৌধুরী, চুনতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপকারভোগী নাজমুল বাহার প্রমুখ।