জলবায়ু পরিবর্তন-সহিষ্ণু কৃষি প্রযুক্তি দ্রুত মাঠে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কৃষিবিজ্ঞানীরা লবণাক্ততা, জলমগ্নতা ও খরাসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশ-সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন করেছেন। কম পানি ব্যবহার করে সেচ দেওয়ার উন্নত প্রযুক্তিও দেশের কৃষিবিজ্ঞানীরা আয়ত্ত করেছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এসব প্রযুক্তি দ্রুত মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও চরম আবহাওয়ার বিপর্যয় থেকে কৃষি খাতকে রক্ষা ও খাদ্য-নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব: হুমকির মুখে কৃষি খাত ও খাদ্য-নিরাপত্তা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। তাঁরা জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সমঝোতায় কৃষি খাতকে গুরুত্ব দিয়ে তুলে ধরারও আহ্বান জানান। সিনজেন্টা ফেলোশিপ প্রোগ্রামের (ফিডা) আয়োজনে কর্মশালাটি পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি রিয়াজ আহমেদ। কর্মশালায় মূল বক্তব্য তুলে ধরতে গিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় দেশে ধান ও গমের উৎপাদন কমবে। অন্যদিকে ভুট্টার উৎপাদন বাড়বে। বাংলাদেশে মূলত লাল ভুট্টা হয়, কিন্তু খাওয়ার উপযোগী সাদা ভুট্টা উৎপাদনের দিকে যেতে হবে। জলবায়ু তহবিল-ব্যবস্থাপনার সক্ষমতা অর্জন করতে হবে। দেশের বিজ্ঞানীরা খরা, বন্যা ও লবণাক্ততাসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশ-সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন করলেও তা এখনো মাঠে নেওয়া হয়নি। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিকভাবে রাজনীতি আছে। এটা চলতে থাকবে। রাজনীতিবিদেরা পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসেন। ৫০ বছর পর কী হবে তা নিয়ে চিন্তা করার সময় তাঁদের থাকে না। তহবিলের জন্য আমরা যতটা দৌড়াই তা পাওয়ার পর যথাযথভাবে ব্যবহারের জন্য সচেষ্ট থাকি না। আমাদের দেখতে হবে, কোথায় আমাদের চাহিদা। কী কাজ করতে হবে তা ঠিক করতে হবে। যে ক্ষতি হবে তার জন্য আমরা বলি, কিন্তু যে ক্ষতি হয়েছে তার জন্য কী করতে হবে, তা ভাবতে হবে।’মাহবুব হোসেন বলেন, পরিবেশ মন্ত্রণালয় জলবায়ু সমঝোতার জন্য কাজ করছে। কিন্তু খাপ খাওয়ানোর বিষয়ে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়কে কাজ করতে হবে। যে এলাকায় লবণপানি চলে এসেছে, সেখানে কীভাবে মৎস্য চাষ করা যায় তা দেখা যেতে পারে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘দেশে খাদ্য উৎপাদন বাড়লেও মাথাপিছু খাদ্য উৎপাদন কমেছে। স্বাধীনতার পর থেকে আমরা দুই লাখ একর জমি হারিয়েছি। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে অবস্থা আরও খারাপ হবে। জলবায়ু পরিবর্তনের সত্যিকার ধাক্কা এখনো আমরা পাইনি।’কর্মশালায় ফিডার সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দিনসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।