জলবায়ু পরিবর্তনজনিত কারণে অত্যন্ত ঝুঁকিতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনজনিত কারণে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের চেয়ে বাংলাদেশ বেশি ঝুঁকিতে রয়েছে। এ জন্য বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে।দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক কর্মশালার প্রথম দিনে গতকাল সোমবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান কারিগরি উপদেষ্টা রুডলফ হারমিস এ কথা বলেন। কক্সবাজারে একটি হোটেলের সম্মেলনকক্ষে এ কর্মশালা হচ্ছে।ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এবং বে অব বেঙ্গল লার্জ মেরিন ইকোসিস্টেম (বিওবিএলএমই) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের ৬০ জন প্রতিনিধি কর্মশালায় অংশ নিচ্ছেন।‘আইসিএম (ইন্টিগ্রেডেট কোস্টাল ম্যানেজমেন্ট) বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড লেসনস লার্নড ইন দ্য বে অব বেঙ্গল’ শীর্ষক কর্মশালায় রুডলফ হারমিস বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড যৌথভাবে কাজ করতে সমন্বিত আঞ্চলিক উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের প্রথম ফসল হচ্ছে ‘বিওবিএলএমই’ প্রকল্প। এফএওর অর্থায়নে এ প্রকল্পের মাধ্যমে বঙ্গোপসাগরের পরিবেশের উন্নয়ন করা হবে, এতে এ অঞ্চলের মানুষের বিকল্প আয়ের পথ তৈরি হবে এবং জীবন ও জীবিকার উন্নতি ঘটবে।সকালে শুরু হওয়া কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইইউসিএনের কর্মকর্তা ইশতিয়াক সোবহান। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমুদ্র উপকূলের নানা সমস্যার কথা তুলে ধরেন বাংলাদেশে এফএওর প্রতিনিধি ডমিনিক ফারনান্দ বারজেন ও বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মোস্তাফিজুর রহমান।বিশেষজ্ঞরা বলেন, বঙ্গোপসাগরসংলগ্ন এলাকায় বসবাসরত প্রায় ৪০ কোটি মানুষ যুগ যুগ ধরে জীবিকা ও নিরাপত্তার জন্য কোনো না কোনোভাবে এ সাগরের ওপর নির্ভরশীল। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদের ওপর অধিক নির্ভরশীলতার কারণে উপকূলীয় এলাকার আবাসস্থল ধ্বংস হচ্ছে। ফলে ওই এলাকার বাস্তুসংস্থানের দ্রুত পরিবর্তন হচ্ছে, যা সংশ্লিষ্ট এলাকার মানুষের ভবিষ্যতের জীবিকা নির্বাহের ক্ষেত্রে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়াবে।শেখ মোস্তাফিজুর রহমান কর্মশালায় বাংলাদেশের উপকূলের চিত্র তুলে ধরে বলেন, অপরিকল্পিতভাবে ও নিষিদ্ধ জাল দিয়ে বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ ধ্বংস করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে কক্সবাজারসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়-জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ বেড়ে চলেছে। তাই উপকূলে বসবাসকারী মৎস্যজীবীদের জীবন-জীবিকায়নে সরকার পাঁচ বছর ধরে নানা প্রকল্প বাস্তবায়ন করছে।