সফররত ব্রিটিশ মন্ত্রীকে প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবিলায় আর্থিক সহায়তা জরুরি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনে সর্বাধিক ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে অভিযোজন ও প্রশমন কর্মসূচির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বাংলাদেশের ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতার প্রভাব মোকাবিলায় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর (এমভিসিএস) অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর ও সামর্থ্য বৃদ্ধিমূলক কর্মসূচিকে অগ্রাধিকার দিতে হবে। সফররত ব্রিটিশ পরিবেশ, খাদ্য ও পল্লিবিষয়কমন্ত্রী জিম ফিজপ্যাট্রিক শেখ হাসিনার সঙ্গে গতকাল রোববার তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে তিনি এসব কথা বলেন। খবর বাসসের। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ জানান, আলোচনায় বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়, জলবায়ু পরিবর্তন ইস্যু এবং বাংলাদেশের খাদ্য উত্পাদন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ গুরুত্ব লাভ করে।দুর্যোগ মোকাবিলা, কৃষি অভিযোজন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, প্রধান নদ-নদী খনন, বাঁধ নির্মাণ, ভূমি পুনরুদ্ধার, সবুজ বেষ্টনী সৃষ্টি ও সমুদ্র উপকূলে বনায়ন পরিকল্পনা গ্রহণ করার বিষয়ে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের মন্ত্রীকে অবহিত করেন।প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, তাঁর সরকার ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশান প্ল্যান ২০০৯’ ও ‘ন্যাশনাল এডাপটেশন প্রোগ্রাম অব অ্যাকশন’ (এনএপিএ) গ্রহণ এবং ‘ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড’ গঠন করেছে।ব্রিটিশ মন্ত্রী দূরদর্শী নেতৃত্ব, জলবায়ু পরিবর্তন ইস্যু মোকাবিলায় ভূমিকা পালন এবং গণতান্ত্রিক সরকার পরিচালনায় সাহসী সিদ্ধান্তের জন্য শেখ হাসিনার প্রশংসা করেন। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন আরও জোরদার করতে বিস্তারিত কর্মসূচি নিয়েছে। তিনি বলেন, দেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নেওয়ার পাশাপাশি আর্থসামাজিক প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড সংহত করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ব্রিটিশ মন্ত্রী জলবায়ু পরিবর্তনের কারণে সর্বাপেক্ষা ঝুঁকিতে থাকা দেশগুলোর (এমভিসিএস) প্রয়োজন ও সমস্যা এবং সুপারিশ তুলে ধরার ক্ষেত্রে কোপেনহেগেন শীর্ষ সম্মেলনে নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য শেখ হাসিনার প্রশংসা করেন।প্রধানমন্ত্রী পাট, আইসিটি ও ওষুধ, বস্ত্র, চামড়া, তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াকরণ, নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, পর্যটন ও রেলওয়ে অবকাঠামোর মতো বিপুল সম্ভাবনাপূর্ণ খাতে অধিক হারে ব্রিটিশ বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।