জলবায়ু পরিবর্তনে উপকূলে গর্ভপাত বাড়ছে

৩০ বছরের আল-মুন্নাহারের তিন ছেলে। তবে মেয়ের খুব শখ ছিল তাঁর। মেয়ের বিষয়ে আল-মুন্নাহারের সরল স্বীকারোক্তি, ‘মেয়েরা ছেলেদের চেয়ে ভালো হয়। ছেলেরা কথা শোনে না, রাগী হয়। মেয়েরা শান্ত।’
যখন আল-মুন্নাহার ভাবতে শুরু করেছিলেন এবার হয়তো তাঁর মেয়ে হবে, তখন তাঁর গর্ভপাত হয়ে যায়। বাংলাদেশের পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকার বাসিন্দা আল-মুন্নাহারের মেয়ের স্বপ্ন আর পূরণ হলো না। আল-মুন্নাহারের গ্রাম ফাইল্লাপাড়ায়, এটিই শুধু গর্ভপাতের একমাত্র ঘটনা নয়। গর্ভপাতের কারণে ওই গ্রামে অনেকেই অনাগত সন্তান হারিয়েছেন।
বাংলাদেশের উপকূলের একটি ছোট্ট গ্রামে গর্ভপাতের হার অনেক বেশি বেড়ে গেছে বলে নজরে পড়ে গবেষকদের। আরও গবেষণার পর বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন এই গর্ভপাতের প্রধান কারণ হতে পারে। সম্প্রতি বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সাংবাদিক সুসান্নাহ স্যাভেজ বাংলাদেশের এ অঞ্চলে এসে উপকূলীয় গ্রামীণ জীবনে লোনা পানির প্রভাব নিয়ে কাজ করেন।
গর্ভপাত একেবারে অস্বাভাবিক ঘটনা নয়। তবে বিজ্ঞানীরা অন্য সব এলাকার বাসিন্দাদের তুলনায় এই এলাকার মানুষের মধ্যে গর্ভপাতের হার বেশি দেখতে পেয়েছেন।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার গ্রাম ফাইল্লাপাড়ায় যাওয়াটা বেশ কষ্টের। শুকনো মৌসুমে চিংড়িঘেরের পাশ দিয়ে সরু আল ধরে যেতে হয়। আর বর্ষার সময় যেতে হয় সাগরের মাঝ দিয়ে। পুরো গ্রামটিকে দেখে মনে হবে, কাদার ওপর যেন মাটির একটি ঢিবি, যেখানে কিছু ঘরবাড়ি আর মুরগির খাঁচা আছে।
আল-মুন্নাহার বলছেন, ‘এখানে কিছুই জন্মে না।’ নব্বইয়ের দশক পর্যন্ত এই এলাকায় ধান চাষ করা হতো। এতে তেমন লাভ হতো না, তবে পেট চলত। লবণপানি বেড়ে যাওয়ায় গ্রামবাসী চিংড়িরঘের করা শুরু করে। এখন এ অঞ্চলে খুব সামান্যই ধানের খেত আছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানী মানজুর হানিফি বলেন, ‘একে জলবায়ু পরিবর্তনের ফলাফল বলা যেতে পারে। জমির ওপর এর প্রভাব পড়ছে, তা দেখা যাচ্ছে। কিন্তু শরীরের ওপর যে প্রভাব পড়ছে, তা দেখতে পাওয়া যায় না।’
৩০ বছর ধরে কক্সবাজারের চকরিয়ায় স্বাস্থ্য ও জনমিতি বিষয়ে পরীক্ষা–নিরীক্ষা চালিয়ে আসছে আইসিডিডিআরবি। এই এলাকার বাসিন্দাদের অনুরোধ করা হয়েছিল নিজেদের স্বাস্থ্যবিষয়ক কোনো ছোটখাটো পরিবর্তন হলে তা খেয়াল করতে।
গত কয়েক বছরে অনেক পরিবার বন কর্মকর্তাদের ঘুষ দিয়ে সমতল এলাকা ছেড়ে বনের পাহাড়ি এলাকায় বসতি তৈরি করেছে। তাদেরই একজন কাজল রেখা। স্বামী ও দুই সন্তানকে নিয়ে বছর তিনেক আগে পাহাড়ি এলাকায় চলে আসেন কাজল রেখা। তিনি বললেন, ‘এই বাড়ি করার জন্য আমরা ২ লাখ ৩০ হাজার টাকা ঘুষ দিয়েছি। ওখানে পানির কারণে বাচ্চাদের সব সময়ই জ্বর লেগে থাকত, বিশেষ করে বন্যার পরে যখন ঘরবাড়ি ভেজা থাকত। এখানে জীবন অনেক সহজ।’
স্থান পরিবর্তন করা এই পরিবারগুলো অন্যদের তুলনায় ভালো আছে। তারা ভালো চাষাবাদ করছে, স্কুল ও কর্মক্ষেত্রের কাছাকাছি থাকতে পারছে। তাদের স্বাস্থ্যও তুলনামূলকভাবে ভালো।
২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে ১২ হাজার ৮৬৭ জন নারীকে গর্ভধারণের শুরু থেকে সন্তান হওয়া পর্যন্ত নজরদারিতে রাখে আইসিডিডিআরবি। এদের মধ্যে কেউ কেউ উপকূলের বাসিন্দা। আবার পাহাড়ি এলাকার নারীরাও রয়েছেন। আইসিডিডিআরবি বলছে, পাহাড়ি বা উঁচু এলাকায় বসবাসকারী নারীদের তুলনায় উপকূলীয় এলাকায় (সমুদ্রের ২০ কিলোমিটারের মধ্যে) বসবাসকারী নারীদের গর্ভপাত হওয়ার প্রবণতা বেশি। এখানে গর্ভপাত হচ্ছে ১১ শতাংশ।
পার্থক্য খুব বেশি মনে না হলেও প্রবণতা বাড়ছে। চকরিয়ায় যেখানে গর্ভপাতের হার ১১ শতাংশ, চাঁদপুর জেলার মতলব উপজেলায় নারীদের মধ্যে তা ৮ শতাংশ। বিজ্ঞানীরা মনে করছেন, উপকূলের নারীরা যে পানি খাচ্ছেন, তার মধ্যে কী পরিমাণ লবণ রয়েছে, তার ওপর এই পার্থক্য নির্ভর করছে।
মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া ও পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। যখন সমুদ্রের উচ্চতা বাড়ে, তখন লোনা পানি নদী ও স্রোতের মাধ্যমে মাটিতে মিশে যায়। এমনকি এটি মাটির নিচের পানির সঙ্গেও মিশে যায় ও সুপেয় পানিকে দূষিত করে তোলে। কুয়া বা নলকূপের মাধ্যমে সেই লবণাক্ত পানি পান করে গ্রামবাসী।
ফাইল্লাপাড়া গ্রামের নলকূপের পানি খানিকটা লালচে ধরনের ও লবণাক্ত। কিন্তু এই পানি ছাড়া গ্রামবাসীর জন্য খাওয়া, গোসল বা রান্নাবান্নার কাজে ব্যবহার করার আর কোনো বিকল্প নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হচ্ছে, কোনো ব্যক্তির প্রতিদিন ৫ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। তবে চকরিয়ার উপকূলীয় এলাকার মানুষ গড়ে প্রতিদিন ১৬ গ্রাম লবণ গ্রহণ করছে, যা পাহাড়ি এলাকার মানুষের চেয়ে তিন গুণ বেশি।
যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোতে লবণ খাওয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরির চেষ্টা করছেন অধিকারকর্মীরা। বেশি লবণের কারণে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, গর্ভপাত হওয়ার ঝুঁকি বেড়ে যায় বলে মনে করেন তাঁরা। তবে এই বাংলাদেশি পরিবারগুলো জানেও না পানির কারণে তারা কতটা স্বাস্থ্যঝুঁকিতে আছে। অবশ্য জানলেও তাদের সামনে আর কোনো বিকল্প নেই।
৫০ বছরের জান্নাত আরা বলেন, ‘লবণ ফসলের জন্য ক্ষতিকর। কিন্তু এখানেই আমরা পুরো জীবন কাটিয়েছি। আমরা গরিব, অন্য কোথাও যাওয়ার সামর্থ্য নেই।’ তাঁর প্রতিবেশী ২৩ বছরের শারমিন অবশ্য এই এলাকা থেকে চলে যেতে চান। ফাইল্লাপাড়ায় দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তিনি। শারমিন বলেন, ‘জীবন খুব কঠিন এখানে।’ অবশ্য আরেকটি সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
আইসিডিডিআরবির গবেষক হানিফি বলেন, ‘সমস্যা আরও প্রকট হবে। যেহেতু বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিনে দিনে বাড়ছে।’
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণে যেসব দেশ সবচেয়ে ঝুঁকিতে রয়েছে, বাংলাদেশ তার অন্যতম।