প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশসহ বিশ্বের সব ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে বাংলাদেশ কথা বলছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষকে রক্ষা করতে যে তহবিল করা হচ্ছে, তা তাদের অধিকার, কোনো দয়া নয়; এটা বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার। এ তহবিলকে বিরোধীদলীয় নেত্রীর ‘ভিক্ষে’ বলার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি হয়তো ধরেই নিয়েছেন যে সরকারের সব কাজে বিরোধিতা করাই তাঁর দায়িত্ব। কিন্তু এতে আমি শঙ্কিত নই। যাঁর যে স্বভাব সেটা তিনি করেই যাবেন।’ গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে প্রবীণ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন। গতকাল বেলা তিনটার কয়েক মিনিট পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। পরে ফ্লোর নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা থেকে স্পিকার পর্যন্ত যখন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, তখন আর কি করা। সংসদ উপনেতা প্রশ্ন করার আগে তাই আমি মাঝামাঝি দাঁড়ালাম।’ এ সময় হেসে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য, সব সময় মাঝামাঝি থাকবেন না।’ জবাবে সুরঞ্জিত বলেন, ‘এ বুদ্ধি থাকলে তো আজ এখানে (সংসদে) আপনি ওপরে আর আমি নিচে থাকতাম না। তাই এ কাজে আপনার জুড়ি নেই।’ প্রধানমন্ত্রী প্রশ্নের জবাব দেওয়ার আগে সুরঞ্জিতের বক্তব্যের জবাবে বলেন, ‘মাননীয় স্পিকার, সংসদে কেউ ব্যক্তিগত কর্মকর্তা নন। চিফ হুইপ ব্যক্তিগত কর্মকর্তা নন, সংসদের হুইপ। এ ছাড়া সংসদে সবার বড় পরিচয় হলো তিনি সংসদ সদস্য।’ তিনি বলেন, ‘মাঝামাঝি থাকা অনেক ফুটবল খেলোয়াড় আছেন, যাঁরা বল পেলেই হেড দিয়ে গোল করতে চান। অনেক সময় ভুলে যান, বল পক্ষে গেল না বিপক্ষে গেল।’ এ সময় অনেক সাংসদ হেসে ওঠেন।প্রশ্নোত্তর পর্বে সাধারণত প্রবীণ সাংসদেরা প্রশ্ন করেন না। কিন্তু গতকাল চিফ হুইপ, স্পিকারও প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ নেন। এরপর সুরঞ্জিত সেনগুপ্ত প্রশ্ন করতে দাঁড়ালে এ আলোচনার অবতারণা হয়।নদীর প্রবাহে প্রতিবন্ধকতা রোধে ব্যবস্থা নেওয়া হবে: সরকারি দলের মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘নদীর স্বাভাবিক পানিপ্রবাহে যেকোনা রকম প্রতিবন্ধকতার বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ভূমি ও পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করছে। একই সঙ্গে বালু উত্তোলনের নতুন নীতিমালা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে কাজও হচ্ছে।’ তিনি বলেন, বনে গাছ নিধন ও পাহাড় কাটার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।স্পিকারের দৃষ্টি আকর্ষণের জবাবে শেখ হাসিনা জানান, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি মোকাবিলায় সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে বর্তমান বাজেটে ১০০ মিলিয়ন ডলারের তহবিল গ্রহণ করেছে। স্রোতস্বিনী নদীর বিভিন্ন স্থানে বাঁশ দিয়ে মাছ ধরার জন্য বেড়া দিয়ে পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ রকম প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমরা দ্রুত কঠোর ব্যবস্থা নেব। নদীর স্বাভাবিক নাব্যতা যেভাবেই হোক ঠিক রাখতে হবে। কিশোরগঞ্জে স্পিকারের নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার ইতিমধ্যে হাওর উন্নয়ন বোর্ড গঠন করেছে। চিফ হুইপ আব্দুস শহীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে নদী খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। নদী খনন করে তার দুই তীরে বাঁধ নির্মাণ করতে হবে। বাঁধে বৃক্ষরোপণ করতে হবে।’ এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, নদী থেকে কী পরিমাণ বালু উত্তোলন করা হবে—সে জন্য নতুন বালু নীতিমালা করা হচ্ছে। তিনি নদী খননের ওপর গুরুত্বারোপ করে এ ব্যাপারে সরকারের নেওয়া কর্মসূচি তুলে ধরেন। শিল্প-কারখানা থেকে নদীতে বর্জ্য ফেলা যাবে না: বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর অবস্থা খুব খারাপ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বুড়িগঙ্গা থেকে বর্জ্য অপসারণের কাজ চলছে। কিন্তু একদিকে বর্জ্য তোলা হচ্ছে, আবার অন্যদিকে ফেলা হচ্ছে। এটা একটা বড় সমস্যা হয়ে গেছে। এখন এসব বর্জ্য কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, শিল্প-কলকারখানা থেকে নদীতে বর্জ্য ফেলা যাবে না। যারা বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শেখ হাসিনা লিখিত প্রশ্নের জবাবে ৭-১৮ ডিসেম্বর কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত সম্মেলনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন।শাহ এ এম এস কিবরিয়ার প্রতি শ্রদ্ধা: প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বের শুরুতে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ওই হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে, চারদলীয় জোট তাতে জড়িত ছিল। এ হত্যারও বিচার করা হবে।’