বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ ও প্রবৃদ্ধি বৃদ্ধিতে বড় অবদান কৃষির। কিন্তু জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সামগ্রিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে এই কৃষিব্যবস্থা। এ থেকে উত্তরণের উপায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এবং খাদ্যনিরাপত্তা।
গতকাল রোববার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘কৃষির ধরন, দরিদ্রতা এবং জলবায়ু পরিবর্তন: লক্ষ্য, কৌশল এবং কার্যক্রম’ শীর্ষক এক সেমিনারে উপস্থাপিত প্রবন্ধে এসব কথা বলেন বক্তারা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
রাশেদ খান মেনন বলেন, জলবায়ু পরিবর্তন কৃষি এবং দারিদ্র্য দূরীকরণের ওপর যে প্রভাব ফেলছে, সে সম্পর্কে দেশের মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। তিনি বলেন, বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অর্থায়ন একটি বড় সমস্যা। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর একটি বড় দায়িত্ব রয়েছে।
এর আগে সেমিনারের শুরুতে কৃষি, দরিদ্রতা এবং জলবায়ুর পরিবর্তন: আমাদের কৌশল এবং করণীয় শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফজলে রাব্বি সাদেক আহমাদ এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বাংলাদেশের (পিআরডিআই) প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা।
উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, আয়ের ভারসাম্যহীনতা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে খাদ্যের চাহিদা বাড়ছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ফলে দেশে কৃষিজ জমির পরিমাণ ও মাটির উর্বরতা কমছে। ফলে দেশে ব্যাহত হচ্ছে খাদ্যনিরাপত্তা। এ থেকে উত্তরণের উপায় হিসেবে তাই সিদ্ধান্ত নিতে হবে কতটুকু দেশের ভেতরে উৎপাদন হবে এবং কতটুকু আন্তর্জাতিক বাজার থেকে কেনা হবে। এ ছাড়া দেশের ভেতরে অর্থকরী ফসল এবং খাদ্যশস্য উৎপাদনের মধ্যে একটা ভারসাম্য আনতে হবে।
সেমিনার সঞ্চালনা করেন পিকেএসএফের পরিচালনা পর্ষদের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি একই সঙ্গে সেমিনারের সভাপতির দায়িত্বও পালন করেন।