জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মেলনে ‘জলবায়ু সংকট মোকাবিলা’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা করতে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমানে জলবায়ু পরিবর্তন বিশ্বে একটি নিরাপত্তা হুমকি তৈরি করছে।

জার্মানির মিউনিখ শহরে তিন দিনব্যাপী ৫৮তম আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সম্মেলনে ‘জলবায়ু সংকট মোকাবিলা’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য অর্থায়ন ও প্রযুক্তি নিশ্চিত করা জরুরি। এ জন্য আন্তর্জাতিক অংশীদারি গঠনে সহায়তা প্রয়োজন। এই বিষয়ে সহায়তা করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

আব্দুল মোনেম বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তন বিশ্বে একটি নিরাপত্তা হুমকি তৈরি করেছে। বিশ্বের বিভিন্ন অংশে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য পরিণতি দেখা যাচ্ছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, শিল্পোন্নত দেশগুলো ক্ষতিকারক কার্বন ডাই–অক্সাইড নির্গমন করে বৈশ্বিক জলবায়ু দূষণ করছে।

‘জলবায়ু সংকট মোকাবিলা’ শীর্ষক প্যানেল আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক উপদেষ্টা জন কেরি, জার্মান ফেডারেল ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ক্লাইমেট অ্যাকশনের স্টেট সেক্রেটারি ফ্রান্সসিকা ব্রান্টনার এবং সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তিমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের অংশ নেন। এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনকে অস্তিত্বের হুমকি হিসেবে চিহ্নিত করেন।

প্যানেল আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন যুক্তরাষ্ট্র ও জার্মানির সহযোগীদের কাছে প্রশ্ন করেন, ইউক্রেনকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি জলবায়ুর ওপর কোনো বিরূপ প্রভাব ফেলবে কি না। এ সময় করোনা মহামারি থেকে বেরিয়ে আসার সম্ভাব্য উপায় এবং বিশ্বজুড়ে টিকার সমতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অপর দিকে ইউক্রেন সংকটে সবাইকে ধৈর্য ধরে যুদ্ধাবস্থার পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে চলমান ইউক্রেন সংকট সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। ওলাফ শলৎজ আরও বলেন, এই মুহূর্তে যুদ্ধ নয়, বিশ্বজুড়ে করোনা মহামারি থেকে পরিত্রাণ ও জলবায়ু পরিবর্তন রোধে সবাইকে একযোগে কাজ করা জরুরি।

১৯৬৩ সাল থেকে জার্মানির সরকারের উদ্যোগে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলন একটি উন্মুক্ত ফোরাম। বিশ্বের নানা দেশের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় নানা বিষয়ে মতবিনিময় ও আলোচনা করেন।

আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয় সম্মেলনে। বিভিন্ন রাষ্ট্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও এ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাণিজ্য ও অর্থনীতিবিষয়ক বিশেষজ্ঞ, পরিবেশবিদ, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এবারের ৫৮তম সম্মেলনটি চলবে স্থানীয় সময় রোববার পর্যন্ত। সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রীসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ও জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া অংশ নেন।