জলবায়ু পরিবর্তনে ঝুঁকির তালিকায় শীর্ষে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। আগামী ৩০ বছরের ঝুঁকি বিবেচনায় রেখে ১৭০টি দেশ নিয়ে এই তালিকা তৈরি করেছে যুক্তরাজ্যভিত্তিক ম্যাপলক্রফট নামের একটি সংস্থা।জলবায়ু পরিবর্তনের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাবের ৪২টি বিবেচ্য বিষয়ের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় বাংলাদেশের পর ভারত দ্বিতীয়, মাদাগাস্কার তৃতীয়, নেপাল চতুর্থ, মোজাম্বিক পঞ্চম এবং ফিলিপাইনের অবস্থান ষষ্ঠ। ক্লাইমেট চেঞ্জ ভালনারেবলিটি ইনডেক্স-২০১১-এর তালিকায় এরপর যথাক্রমে আছে হাইতি, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও মিয়ানমার।ম্যাপলক্রফটের প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে বিশ্বের বড় ও দ্রুত বর্ধমান অর্থনীতির বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো। এই দেশগুলোর বৈশিষ্ট্য হলো, উচ্চ দারিদ্র্য হার, জনসংখ্যাধিক্য এবং বন্যা ও খরাপ্রবণ কৃষি জমির ওপর নির্ভরতা।ম্যাপলক্রফটের পরিবেশবিষয়ক প্রধান বিশ্লেষক ম্যাথিউ বানসি বলেন, ‘অনেক বহুজাতিক প্রতিষ্ঠান এই দেশগুলোতে প্রচুর বিনিয়োগ করছে। যদিও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষ করে তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা বাড়ার ফলে আগামী ৩০ বছরে এ দেশগুলো বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। এর অর্থ হলো, ওইসব দেশে যেসব সংস্থা কর্মকাণ্ড চালায় ও সম্পদ আছে, প্রাকৃতিক দুর্যোগ ও সংঘাতের কারণে তাদের ঝুঁকি বেড়ে যাবে।’ ইনভায়রনমেন্ট নিউজ সার্ভিস।