জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দক্ষিণ এশিয়ায় উদ্বাস্তুর সংখ্যা ও পানির সমস্যা বাড়বে। খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়বে। এ সমস্যা মোকাবিলায় এই অঞ্চলের দেশগুলোকে একত্রে কাজ করতে হবে। রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল সোমবার শুরু হওয়া এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেছেন। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক গবেষণা কেন্দ্রের সহযোগিতায় ‘পানি, ঢেউ ও আবহাওয়া: জলবায়ু পরিবর্তন এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্য ৎ ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই)। কাল বুধবার সম্মেলন শেষ হবে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা বক্তব্য রাখছেন। গতকালের অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত। তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে লবণাক্ত পানি চাঁদপুর, গোপালগঞ্জ ও ফেনী পর্যন্ত চলে আসতে পারে। এতে কৃষিকাজ বাধাগ্রস্ত হবে। জীবিকা হারিয়ে বিপুলসংখ্যক মানুষ অভিবাসী হবে। জাতিসংঘের অভিবাসী আইনে জলবায়ু অভিবাসীদের অধিকার নিশ্চিত করা হয়নি বলে মন্তব্য করে আইনুন নিশাত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ থাকায় এখানে আঞ্চলিক অভিবাসন বাড়বে। ফলে এ অঞ্চলের দেশগুলোকে এই সমস্যা মোকাবিলা করতে হবে সম্মিলিতভাবে। বেসরকারি সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ ‘সব পানি কোথায় যায়? আমাদের নিরাপদ বিশুদ্ধ পানির খোঁজ’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি বলেন, বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৬১টির পানিতে আর্সেনিক সমস্যা রয়েছে। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইইডি) গবেষণা পরিচালক সলিমুল হক বলেন, ‘সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা কম। ফলে আন্তর্জাতিক পরিসরে জলবায়ু নিয়ে আলোচনায় শক্তিশালী অবস্থানে থাকতে হলে এ বিষয়ে গবেষণা বাড়াতে হবে। শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক দীপ্তি বিক্রমাসিংহে বলেন, বন রক্ষার মাধ্যমে তাপমাত্রা কমিয়ে আনার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। বন রক্ষার মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড উদিগরণ সীমিত রাখা যায়। যুক্তরাষ্ট্রের রুটজার্স বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ট্রেভর বিরকেনহর্টজ ভারতের রাজস্থানের ভূগর্ভস্থ পানির ব্যবহার ও স্থানীয় জ্ঞানের শক্তি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। প্রথম দিনের অধিবেশন সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেলি ফেল্ডম্যান। মূল প্রবন্ধের ওপর মন্তব্যমূলক বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি’র প্রধান নির্বাহী খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মোহসিন, যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাভিদা খান ও ভারতের জয়পুর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক সুরজি ৎ সিং।