জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতি নারীর
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি সবারই। কিন্তু নারীর ক্ষতিগ্রস্ত হওয়ার ধরন ও মাত্রা অন্যদের চেয়ে অনেক বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ অভিবাসী হয়ে অন্য এলাকায় চলে যায়, তাতে নারীর সমস্যাই বাড়ে বেশি।
গতকাল সোমবার নারীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এক অনুষ্ঠানে উপস্থাপন করা গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়। ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে ‘নলেজ শেয়ারিং অন জেন্ডার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন ও নরওয়ে দূতাবাস।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ দেশের বিভিন্ন স্থানে এবং প্রতিবেশী দেশগুলোয় স্বল্প সময়ের জন্য অভিবাসী হচ্ছে। পরিবারের একমাত্র অভিভাবক পুরুষ চলে যাওয়ায় অভিভাবকশূন্য হয়ে পড়ে পরিবারটি। পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে না পারায় পারিবারিক সম্প্রীতির ওপরও এর বিরূপ প্রভাব পড়ছে। এমনকি সময়মতো উপার্জিত অর্থ পাঠাতে না পারার কারণে বাড়িতে থাকা নারীকে সংসার সামলাতে হিমশিম খেতে হয়। বাড়িতে থাকা এসব নারীর দায়িত্ব শুধু সংসার সামলানোতেই সীমাবদ্ধ থাকে না। পরিবারের অন্য সদস্যদের জীবন ধারণের জন্য আয় করার দায়িত্ব ওই নারীকেই নিতে হয়। বাড়তি পরিশ্রম করতে হয় তাকে। কিছু জটিল পরিস্থিতিতে নারীর সংসারজীবনও ঝুঁকির মধ্যে পড়ে।
নারী জন্য প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় কিছু সুপারিশও তুলে ধরা হয় গবেষণা প্রতিবেদনে। তাতে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তাব্যবস্থা জোরদার ও আইনি সহায়তার ক্ষেত্র তৈরি করতে না পারলে এসব নারীর ঝুঁকি দূর হবে না।
অনুষ্ঠানে দুটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মি ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) ফেলো মো. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুনডেমো বলেন, পরিবার ও সমাজে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। আর নারীর ক্ষমতায়নের মাধ্যমে লৈঙ্গিক সমতা বৃদ্ধিতে ইতিবাচক পদক্ষেপ নিলে পুরো সমাজ ও দেশ লাভবান হবে।
অন্যদিকে ইউনিয়ন পরিষদে নারী সদস্যদের নিয়ে পৃথক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, পারিবারিক কাজের চাপে অর্ধেকেরও বেশি নারী সদস্য তাঁদের কর্মক্ষেত্রে আসতে পারেন না। নারী সদস্যদের স্বামীরাই তাঁদের পক্ষে সই দেওয়া থেকে শুরু করে অন্য কাজগুলো করেন। নারীর ক্ষমতায়নে এ ধরনের পরিস্থিতি নেতিবাচক ভূমিকা রাখছে বলে গবেষকেরা মন্তব্য করেছেন।
আলোচনায় অংশ নিয়ে ইউএন উইমেনের দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন সুসান হান্টার বলেন, প্রান্তিক মানুষের জীবনমানের টেকসই পরিবর্তন জরুরি। পরিবেশগত পরিবর্তন নিয়ে ইউএন উইমেনের যে প্রকল্পটি চলছে তাতে এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্যানেল আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, ‘নারীকে বোঝার ক্ষেত্রে আমাদের মানসিকতায় এখনো পরিবর্তন আসেনি। আমাদের অনেক গবেষণালব্ধ তথ্য আছে। অভিজ্ঞতা আছে। কিন্তু নীতিনির্ধারকদের কাছে এসবের যেন কোনো মূল্য নেই।’ তিনি ন্যায্য দেশ, ন্যায্য সমাজ গড়তে নারী-পুরুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
শরমিন্দ নীলোর্মি সামাজিক নিরাপত্তা বলয় নিয়ে নতুনভাবে ভাবার পরামর্শ দেন। তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের বিষয়টি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে গুরুত্ব দিয়ে যুক্ত করা উচিত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের জলবায়ু বিশেষজ্ঞ দ্বিজেন মল্লিক, উন্নয়ন সংস্থা অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর বক্তব্য দেন।