জলবায়ু পরিবর্তনে বেশি ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ
জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় শিশুদের অধিকার খর্ব করে, বিশেষ করে সুবিধা বঞ্চিত শিশুদের। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ বিশেষ সংকটে রয়েছে।
আজ রোববার ইউনিসেফ বাংলাদেশের ‘পরিবর্তনশীল জলবায়ুতে বাঁচতে শেখা: বাংলাদেশের শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক এক প্রতিবেদনে এ সব কথা বলা হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের কারণে বাংলাদেশ কতটা অরক্ষিত ও জলবায়ু পরিবর্তন কতটা দ্রুত এই পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তা এই প্রতিবেদনে উঠে এসেছে।
‘জলবায়ু পরিবর্তন ও শিশুদের বিষয়ে নীতি পর্যালোচনা, প্রাতিষ্ঠানিক ম্যাপিং ও কর্ম পরিকল্পনা’ শীর্ষক ইউনিসেফ ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) একটি যৌথ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আজ এই প্রতিবেদনের মূল বিষয়গুলো উপস্থাপন করা হয়।
ওই প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ৪৭ লাখ মানুষ গৃহহারা হয়েছে। যেখানে ঢাকার ৭০ শতাংশ বস্তিবাসী পরিবেশগত অভিবাসী। এ ছাড়া প্রাথমিক শিক্ষা গ্রহণের সর্বজনীন সুযোগ, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধ এবং ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের মতো বাংলাদেশের উন্নয়নমূলক অর্জনগুলোকে হুমকির মুখে ফেলছে জলবায়ুর পরিবর্তন।
জলবায়ু পরিবর্তনের ফলে বয়স্কদের তুলনায় শিশুরা বেশি ঝুঁকিতে আছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব রোগব্যাধি দেখা দিচ্ছে তার প্রায় ৮৫ শতাংশেই আক্রান্ত হচ্ছে শিশুরা। সেই সঙ্গে শিশুদের মধ্যে পানি ও বায়ুবাহিত রোগ, অপুষ্টি, দুর্যোগকালীন মৃত্যু ও আঘাতের হার বাড়ছে। বন্যার কারণে দীর্ঘ মেয়াদে শিশুদের স্কুল বন্ধ থাকছে। এতেকরে অনেক শিশুর স্কুলে যাওয়া একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ছেলে শিশুরা শিশু শ্রম ও মেয়ে শিশুরা শিশু বিবাহের ঝুঁকিতে পড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমাজে যে প্রকট বৈষম্য সৃষ্টি হচ্ছে, তার সুরাহা না হলে শিশুরাই দীর্ঘ মেয়াদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বিগবেডার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো সুস্পষ্ট, যা সামঞ্জস্যহীনভাবে শিশুদের ক্ষতিগ্রস্ত করছে। জীবনের একটি ভালো সূচনা নিশ্চিত করতে এবং প্রত্যেক শিশুকে তাদের সক্ষমতা অনুযায়ী গড়ে তুলতে ইউনিসেফ আরও অবদান রাখবে বলে তিনি জানান।