জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৭-৯৮ সালে এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে ঝড়, খরা, বন্যা দেখা দিয়েছিল। এতে বিপদে পড়েছিল দরিদ্র পরিবার এবং এসব পরিবারের শিশুরা। পাঁচ বছর পর ক্ষতিতে পড়া ওই শিশুদের পর্যবেক্ষণের আওতায় আনা হলো। দেখা গেল, স্বাভাবিক শিশুদের তুলনায় এই শিশুরা ভাষা দক্ষতা ও স্মৃতিশক্তিতে পিছিয়ে, অপুষ্টিতে ভোগায় তাদের উচ্চতা, ওজন কম।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) এক প্রতিবেদনে এসব তথ্য রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে স্বল্প ও দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় শিশুরা। তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে।
৩০ নভেম্বর ফ্রান্সের প্যারিসে কপ-২১-এর সম্মেলনে মিলিত হচ্ছেন বিশ্বনেতারা। সম্মেলনকে সামনে রেখে ইউনিসেফ গতকাল মঙ্গলবার ‘আনলেস উই অ্যাক্ট নাউ: দ্য ইমপ্যাক্ট অব ক্লাইমেট চেঞ্জ অন চিল্ড্রেন’ নামের এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ইউনিসেফ জলবায়ু পরিবর্তন রোধের যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে শিশুদের, বিশেষ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের উপকূলীয় অঞ্চলের শিশুদের কথা বিশেষভাবে বিবেচনার অনুরোধ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে বন্যাপ্রবণ অঞ্চলগুলোর মোট জনসংখ্যা ৫৩ কোটি। এদের ৩০ কোটিরই বাস নিম্ন আয়ের দেশগুলোয়।
ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক বলেছেন, ‘মানুষের এই সংখ্যাই বলে দিচ্ছে আমাদের জরুরি ভিত্তিতে কাজে নেমে পড়া উচিত। জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের শিশুরা দায়ী নয়। কিন্তু তাদের জীবনই সবচেয়ে বেশি ঝুঁকিতে।’
প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা, খরা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে শিশুরা প্রাণ হারায়। এর বাইরে খাদ্যসংকট ও বায়ুদূষণে শিশুরা কষ্ট পায়। নানা রোগে ভোগে। এর জের তাদের বয়ে বেড়াতে হয় সারা জীবন।
বায়ুদূষণ কীভাবে শিশুদের ক্ষতি করছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে ইউনিসেফ বলেছে, বায়ুদূষণের প্রত্যক্ষ প্রভাব পড়ে শহুরে শিশুদের ওপর। শিশুদের ফুসফুস ছোট এবং ১৮ বছর বয়স পর্যন্ত এটি বাড়তে থাকে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের তুলনায় ১২ বছর বয়স পর্যন্ত তাদের শ্বাস নেওয়ার গতি প্রায় দ্বিগুণ। দ্রুত শ্বাস নেওয়ায় দূষিত বায়ু তাদের ফুসফুসে ঢোকে দ্রুত এবং বেশি পরিমাণে। প্রাণঘাতী রোগ ডেঙ্গু ও ম্যালেরিয়াতেও শিশুরা বেশি ভোগে, কলেরাতেও আক্রান্ত হয় তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে ইউনিসেফ বলেছে, জলবায়ু পরিবর্তনের কারণে যত রোগ হয়, তার ৮৮ শতাংশই হয় পাঁচ বছরের কম বয়সী শিশুদের।
প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বন্যা, ঘূর্ণিঝড়, বায়ুদূষণের ঝুঁকি এখানে মারাত্মক। বন্যায় পানির গতি এত বেশি থাকে, সাঁতার জানলেও শিশুর পানিতে ডুবে মরার আশঙ্কা থাকে। পানিতে ভেসে যাওয়া বিভিন্ন বস্তুর আঘাতে শিশু আহত হয়। বাড়িঘর, স্কুল ধ্বংস হয়ে যাওয়ায় তারা শরণার্থীর জীবন কাটাতে বাধ্য হয়। ঘূর্ণিঝড়েও বহু শিশু প্রাণ হারায়। বাড়িঘর, রাস্তাঘাট, রেলওয়ে, সেতু, বৈদ্যুতিক যোগযোগ ধ্বংস হয়, উপকূলীয় অঞ্চলে ভূমিধস হয়। অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়। শিশুর বেড়ে ওঠায় এর নেতিবাচক প্রভাব পড়ে।
কপ-২১ উপলক্ষে ইউনিসেফ এই প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বে থাকা ব্যক্তিদের শিশু অধিকার সনদের কথা মনে করিয়ে দিয়েছে। সনদে শিশুদের বেঁচে থাকা, বিকাশ, পুষ্টি, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা আছে।