জলবায়ু পরিবর্তনের ফলে সিলেট অঞ্চলে কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়ছে। প্রতিবছর ফসলি জমি কমে আসছে, বিলুপ্ত হচ্ছে কৃষিবৈচিত্র্য। সমুদ্রের পানির স্তর উঁচু হয়ে লবণাক্ত পানি ঢুকে বাংলাদেশে কৃষির ভবিষ্যত্ হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোই সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তন ঘটাচ্ছে। আর দায় বহন করতে হচ্ছে গরিব দেশগুলোকে। এ জন্য ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি এখন সময়ের দাবি হয়ে উঠেছে। গতকাল রোববার সিলেটে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন: অভিযোজন ও ক্ষতিপূরণ আদায়ে সমন্বিত উদ্যোগ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন।সকাল ১০টায় সিলেটের স্থানীয় একটি রেস্তোরাঁর মিলনায়তনে এ আলোচনা সভা হয়। সিলেট চেম্বারের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সিলেটের বিভাগীয় কমিশনার গোলাম রব্বানী বক্তৃতা করেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন।বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক আয়েশা চৌধুরীর স্বাগত বক্তব্যের পর পরই উপস্থাপন করা হয় বিষয়ভিত্তিক প্রতিবেদন। ‘জলবায়ু পরিবর্তন: অভিযোজন ও ক্ষতিপূরণ আদায়ে সমন্বিত উদ্যোগ’ শীর্ষক দুটো প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ইকবাল আহমদ চৌধুরী ও বেলার গবেষণা কর্মকর্তা জহরত রিশাত। উপস্থাপিত প্রবন্ধের ওপর মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক আজিজ আহমদ, ইকবাল সিদ্দিকী, নাসির উদ্দিন আহমেদ, আলাউদ্দিন, লক্ষ্মীকান্ত সিংহ, সৈয়দা শিরিনা আক্তার ও তাজউদ্দিন।