জলবায়ু পরিবর্তনে স্থায়ী গবেষণা কেন্দ্র দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও পরিকল্পনা নিয়ে গতকাল বুধবার বগুড়া পৌরসভা মিলনায়তনে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় বক্তারা বলেন, উন্নত দেশগুলোর কারণে বাংলাদেশে জলবায়ুর বিরূপ প্রভাব দিন দিন বাড়লেও এই খাতে কী কাজ হচ্ছে, তা জানা যাচ্ছে না। এ জন্য জলবায়ু পরিবর্তন প্রকল্পে স্থায়ী গবেষণাকেন্দ্র গড়ে তোলা দরকার। জলবায়ু পরিবর্তনে এবারের বাজেটে এক হাজার ২০০ কোটি টাকা রাখা হলেও জনগণকে সচেতন বা প্রশিক্ষণ খাতে কোনো অর্থ বরাদ্দ নেই। জনগণের কোনো অংশগ্রহণ নেই।বেসরকারি উন্নয়ন সংগঠন পেসড এই কর্মশালার আয়োজন করে। সংগঠনটির নির্বাহী পরিচালক মাহফুজ আরার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইকুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশের (ইকুইটি-বিডি) কর্মকর্তা মোস্তফা কামাল আকন্দ। আলোচনা করেন সরকারি আযিযুল হক কলেজের সহকারী অধ্যাপক এ বি এম আবু হায়দার, পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান, বগুড়া কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের কৃষিবিশেষজ্ঞ স ম আশরাফ আলী, জেলা তথ্য কর্মকর্তা মঞ্জুর-ই-মওলা, পরিবেশ উন্নয়ন কমিটির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, বেসরকারি সংগঠন স্বপ্নের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নাজমুল হক প্রমুখ।