জলবায়ু পরিবর্তনের ফলে বয়স্ক ব্যক্তিদের চেয়ে বেশি ঝুঁকিতে পড়ে শিশুরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যারা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় ৮৫ শতাংশ শিশু। আশ্রয় হারানো শিশুরা বস্তির বাসিন্দা হচ্ছে। সেখানে আবার তারা সহিংসতা, শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সবার আগে শিশুদের সুরক্ষা দরকার।
গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অনুষ্ঠেয় যুব সম্মেলন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‘নিরাপদ বিশ্ব, সবুজ অরণ্য নিশ্চিত করবে দুর্জয় তারুণ্য’ শিরোনামে ১১ ও ১২ ফেব্রুয়ারি বরিশালে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী যুব সম্মেলন। বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউনিসেফ বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে প্রথমবারের মতো বরিশালে হচ্ছে এই সম্মেলন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান ইয়ুথ নেট ফর জাস্টিসের সংগঠক শাকিলা ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, যুব সম্মেলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘বরিশাল ঘোষণা’ উপস্থাপন করা হবে। দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের অভিযোজনের লক্ষ্যে বরিশাল বিভাগের যুবকদের সংগঠিত করাসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে সম্মেলনে।
দুই দিনের এ সম্মেলনে বরিশাল বিভাগের পাঁচ শতাধিক শিশু ও যুবক অংশ নেবে। থাকবেন পরিবেশবিদ ও গণমাধ্যমের ব্যক্তিত্বরাও। তাঁরা তাঁদের অভিজ্ঞতা দিয়ে যুবকদের সমৃদ্ধ করবেন। নগরের অশ্বিনীকুমার হলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নগরের বিডিএস, আভাস ও সেইন্ট বাংলাদেশের সম্মেলন কক্ষে আলাদাভাবে সেমিনার, গবেষণা তথ্যপত্র উপস্থাপন, জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে। থাকবে আলোকচিত্র প্রদর্শনী, বিতর্ক, সাইকেল শোভাযাত্রা, রাখাইন সংস্কৃতি ও নাটক প্রদর্শনও।
ইয়ুথ নেট ফর জাস্টিসের সমন্বয়কারী সোহানুর রহমানের সভাপতিত্বে গতকালের সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার মো. গাউস, পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক মো. নজরুল ইসলাম ও ইউনিসেফ বরিশাল বিভাগের প্রধান এইচ তৌফিক আহমেদ উপস্থিত ছিলেন।