জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে কৃষি উৎপাদনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের কারণে দেশের ঋতু চক্র বদলে যাচ্ছে। এর নেতিবাচক প্রভাব দেশের কৃষি উৎপাদনের ওপরে পড়তে শুরু করেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করার জন্য যেসব ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে তা কৃষকের কাছে ভালোমতো পৌঁছাচ্ছে না। অনেক প্রযুক্তি সঠিকভাবে কাজও করছে না।

রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ব্র্যাক অ্যাডভোকেসি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এর উদ্যোগে এ সেমিনার হয়। সেমিনারে ‘জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি: সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক একটি গবেষণাপ্রবন্ধ উত্থাপন করা হয়।
সেমিনারে মূল বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, বাংলাদেশে এখন আর আগের মতো ষড়্ঋতুর বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাচ্ছে না। শীতের পর গ্রীষ্ম আসলেও বসন্ত যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। হেমন্তের উপস্থিতিও সেভাবে বোঝা যায় না। আবার বর্ষা আসছে নির্ধারিত সময়ের অনেকটা পরে। জলবায়ুর ক্রম পরিবর্তনের সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে আমন উৎপাদনের ওপর। যার ফলে কৃষকেরাই সবচেয়ে ক্ষতির মুখে পড়ছেন। তাই পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো ধানের জাত উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে কৃষকেরা ধান উৎপাদন থেকে সরে এসে সবজির দিকে মাত্রাতিরিক্ত ঝুঁকে পড়বেন। এতে ধান উৎপাদন কমে গিয়ে খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
অধ্যাপক আইনুন নিশাত আরও বলেন, দেশে খরার প্রভাব আগের চেয়ে বেড়েছে। নওগাঁসহ উত্তরাঞ্চলের বিশেষ কিছু জায়গায় এখন ধানের মৌসুমে কৃষকেরা ধানের চাষ না করছেন না। তাঁরা খেতে আমের ফলন করছেন।
সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর পরিচালক শাইখ সিরাজ প্রশ্ন করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব যত দ্রুত টের পাওয়া যাচ্ছে তত দ্রুত নতুন পরিস্থিতির উপযোগী কৃষি প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে কি না। তিনি বলেন, ‘আমি গত বন্যায় কুড়িগ্রামে গিয়ে দেখেছি, সেখানকার কৃষকেরা ১৬ দিন পর্যন্ত ডুবে থাকে এমন ধানের জাত চাষ করেছে। কিন্তু ১৪ দিন ডুবে থাকার পরেই সেই জাত নষ্ট হয়ে যেতে দেখেছি। লবণাক্ত সহিষ্ণু ধানের জাত বিআর-৪৭ মাঠ থেকে কাটার পর তা ঝরে যাচ্ছে।’
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইং-এর মহাপরিচালক আনোয়ার ফারুক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষকের জ্ঞানকে আমলে নিয়ে বিজ্ঞানীদের কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ব্র্যাকের পরিচালক আসিফ সালেহ বলেন, ব্যক্তিমালিকানা খাত মুনাফামুখী হওয়ায় এবং সরকারের কার্যক্রমে দীর্ঘসূত্রতার কারণে প্রান্তিক কৃষকেরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। উন্নয়ন সংস্থা হিসেবে ব্র্যাক সে জায়গায় কাজ করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে ও গণমাধ্যমের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে অ্যাডভোকেসি করার ওপর গুরুত্ব দেন তিনি।
সেমিনারে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার গবেষক ও কর্মকর্তারা জলবায়ু পরিবর্তন উপযোগী কৃষি নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।