জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল রাজধানীর একটি হোটেলে ‘পরিবেশ ও জলবায়ু’ শীর্ষক দক্ষিণ এশিয়া জুডিশিয়াল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন l ছবি: ফোকাস বাংলা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল রাজধানীর একটি হোটেলে ‘পরিবেশ ও জলবায়ু’ শীর্ষক দক্ষিণ এশিয়া জুডিশিয়াল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন l ছবি: ফোকাস বাংলা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিষয়টি একটি নতুন বৈশ্বিক সমস্যা। কোনো একক দেশ বা অঞ্চলের পক্ষে এই গুরুতর সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। এ কারণেই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং এ সমস্যার সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণ করা প্রয়োজন।’
রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে গতকাল শুক্রবার ‘পরিবেশ ও জলবায়ু’ শীর্ষক দক্ষিণ এশিয়া জুডিশিয়াল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ ও বিশ্বকে রক্ষা করতে বিশ্বনেতাদের কিওটো প্রটোকল ও প্যারিস চুক্তি অনুযায়ী তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, ‘সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন এবং প্রতিশ্রুতিগুলো কাজে রূপান্তরের সময় এসেছে।’
আবদুল হামিদ বলেন, সংবিধানের সৃজনশীল ও উদ্ভাবনী ব্যাখ্যার মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিনিয়ত পরিবেশ সংরক্ষণ ও রক্ষাবিষয়ক মামলাগুলোর অর্থপূর্ণ বিচারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য বিনষ্টকারী কার্যক্রম মোকাবিলায় বাংলাদেশের বিচার বিভাগ অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করছে।
রাষ্ট্রপতি বলেন, স্বতন্ত্র পরিবেশ আদালত ও সাংবিধানিক প্রতিকারব্যবস্থা ব্যবহারের মাধ্যমে দেশের পরিবেশ সংরক্ষণে সর্বোচ্চ আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, যেসব দেশ প্রথম প্যারিস চুক্তি স্বাক্ষর ও অনুমোদন করেছে, বাংলাদেশ তার মধ্যে একটি এবং বাংলাদেশ নিজস্ব সম্পদ দিয়ে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু পরিবর্তন তহবিল গঠনকারী প্রথম দেশ। তিনি আশা প্রকাশ করেন, সম্মেলন থেকে যেসব পরামর্শ ও সুপারিশ আসবে, তা পরিবেশ রক্ষা ও সংরক্ষণে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।
প্রধান বিচারপতি এস কে সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও এডিবির জেনারেল কনসাল ক্রিস্টোফার স্টিফেন্স বক্তৃতা করেন।