প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাত্
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইইউ পাশে থাকবে
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধ্বংসাত্মক প্রভাব থেকে জনগণকে রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সবসময় বাংলাদেশের পাশে থাকবে। গতকাল রোববার রাতে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন যমুনায় সাক্ষাত্কালে তাঁরা এ আশ্বাস দেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্য ও দক্ষিণ এশিয়া প্রতিনিধিদলের চেয়ারম্যান জিন ল্যাম্বার্ট। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং গত নির্বাচনে বিপুল বিজয় ও প্রধানমন্ত্রীর দায়িত্বভার নেওয়ায় তাঁকে অভিনন্দন জানান।আলোচনাকালে শেখ হাসিনা বিশ্ব উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় তাঁর সরকারের গৃহীত কর্মসূচি তুলে ধরেন এবং এসব কর্মসূচি বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কামনা করেন। এ প্রসঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের তহবিল গঠনের উদ্যোগের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেন এবং এ জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বর্তমানে দেশে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে, যা বিগত জোট সরকারের আমলে সম্ভব ছিল না। তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো দল, দেশ বা জাতি নেই। তাঁর সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে কঠোর ব্যবস্থা নিয়েছে।বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাত্: বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গুরেরো গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন যমুনায় সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তারা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, আর্থ-সামাজিক, বিদ্যুত্, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা করার জন্য বিশ্বব্যাংকের প্রতি ধন্যবাদ জানান এবং এ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।