বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে চট্টগ্রাম শহরের বাকলিয়া, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকা অমাবস্যা-পূর্ণিমায় হঠাৎ করে প্লাবিত হয়। জলবায়ুর এ প্রভাব মোকাবিলায় নিজেদের প্রস্তুতি নিতে হবে। গতকাল শনিবার চট্টগ্রামে ‘জনস্বাস্থ্যের ওপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বাংলাদেশের কার্বন বাণিজ্যের সুযোগ সৃষ্টি ও সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।চট্টগ্রাম ক্লাবে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। কর্মশালার বিভিন্ন পর্বে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলার ওপর চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ‘বাংলাদেশে সিডিএম (ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম) প্রকল্পের সম্ভাবনার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইজাজ হোসেন।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এম এ এন ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুস সোবাহান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুচ ছালাম। বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নেন বন সংরক্ষক হারাধন বণিক, চট্টগ্রামের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) এম এ তৈয়ব।বক্তারা বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা। জলবায়ু পরিবর্তনের কারণে এ ঝুঁকি আরও বাড়ছে। এসব মোকাবিলায় সিডিএম প্রকল্প কাজ দিতে পারে। চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশ এ প্রকল্প ব্যবহার করে উপকৃত হয়েছে।