জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বনায়ন দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বনাঞ্চল সংরক্ষণ ও নতুন বন সৃষ্টির প্রয়োজন। পাশাপাশি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।পরিবেশ ও বন মন্ত্রণালয় শেরেবাংলা নগর জাতীয় উদ্যানে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং মাসব্যাপী বৃক্ষমেলার আয়োজন করেছে। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার স্লোগান হচ্ছে, ‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’। এ বছর নয় কোটি চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে।বন্য প্রাণিবিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রকল্প বাস্তবায়নের কাজে অবদানের জন্য ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ ও বন্য প্রাণী গবেষক আলী রেজা খানকে বঙ্গবন্ধু ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন-২০১০ পদক দেওয়া হয়। সামাজিক বনায়নের জন্য পাঁচজনকে বিভিন্ন অঙ্কের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বৃক্ষরোপণে প্রশংসনীয় অবদানের জন্য তিনটি শ্রেণীতে জাতীয় পুরস্কার-২০১০ দেওয়া হয় ৪৮ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।প্রধানমন্ত্রী সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাড়ির ছাদে একটি হলেও গাছ লাগান। বাড়ির পাশে এক ইঞ্চি জায়গা ফাঁকা থাকলেও সেখানে গাছ লাগান। একটু জায়গাও ফাঁকা রাখবেন না। বনজ, ফলদ ও ভেষজ গাছ লাগাতে হবে।বৃক্ষনিধন বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যিনি লোভের বশবর্তী হয়ে বৃক্ষ নিধন করছেন, তিনি শুধু নিজের নয়, প্রকৃতির এবং দেশেরও ক্ষতি করছেন। নগরায়ণের কারণে ব্যাপক হারে গাছ কাটা পড়লেও সেই হারে নতুন গাছ রোপণ না হওয়ায় হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতিবছর তিন মিলিমিটার করে বাড়ছে। এই ঝুঁকির চিন্তা মাথায় রেখেই আমাদের ব্যবস্থা নিতে হবে।’ আশঙ্কা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের উপকূলের বিরাট অংশ সমুদ্রসীমার নিচে চলে যাবে।সমুদ্রবক্ষ থেকে চার লাখ ৭০ হাজার হেক্টর জমি উদ্ধারের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘জলাভূমি থেকে আরও বেশি পরিমাণ জমি উদ্ধার করতে হবে। নদী খনন করেও আমরা জমি উদ্ধার করতে পারি।’ সন্তানদের নিয়ে বৃক্ষমেলা ঘুরে দেখানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রতি জেলায় এ রকম মেলা হওয়া উচিত।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য, সাংসদ, দাতা ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।