দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষার ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ বিষয় নিয়ে কোনো রাজনীতি কাম্য নয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের প্রাপ্য আদায় করে নিতে হবে। সুনামগঞ্জে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন আয়োজিত ইফতারপূর্ব আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সুনামগঞ্জ বাংলাদেশের উত্তরের নিম্নভূমির একটি জেলা। জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। হাওরের মাছ, গাছ, পাখি কমে যাচ্ছে। বোরো আবাদ ঝুঁকির মুখে পড়েছে। বিষয়গুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে।’ আলোচনায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ মতিউর রহমান, সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর-জামালগঞ্জ-ধরমপাশা) সাংসদ মোয়াজ্জেম হোসেন, জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।