জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্বাস্থ্য খাতে ১৪ হাজার কোটি টাকা লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের ২০৮ কোটি ১০ লাখ ডলার বা ১৪ হাজার ৬৩০ কোটি টাকার প্রয়োজন হবে। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে স্বাস্থ্য খাতের ক্ষতি মোকাবিলায় এ টাকা লাগবে। মেক্সিকোর কানকুনে আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনে এ হিসাব তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চাইবে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া কার্যালয় ও বাংলাদেশ সরকারের এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। স্বাস্থ্য খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাববিষয়ক তিন দিনের আঞ্চলিক বৈঠক শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বৈঠকে অংশ নেওয়া ১১টি দেশের যৌথ বক্তব্য ‘ঢাকা ঘোষণা’ সংবাদ সম্মেলনে পড়ে শোনান। মন্ত্রী বলেন, কানকুন সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ঢাকা ঘোষণার মূল বক্তব্য তুলে ধরবে। কোপেনহেগেন সম্মেলনে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য খাত উপেক্ষিত ছিল—এ মন্তব্য করে তিনি বলেন, কানকুন সম্মেলনে স্বাস্থ্যকে কেন্দ্রীয় বিষয় হিসেবে তুলে ধরতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে কী ধরনের প্রভাব তৈরি হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে পূর্ণাঙ্গ সমীক্ষার কাজ চলছে। তিনি বলেন, আইলা এলাকায় ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব লক্ষ করা যাচ্ছে। এ ছাড়া দেশে ডায়রিয়া, ম্যালেরিয়া, চোখের সমস্যা ও সংক্রামক ব্যাধির পরিমাণ বাড়ছে। স্বাস্থ্য খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কী পরিমাণ অর্থের প্রয়োজন, এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য খাতবিষয়ক ইউনিটের প্রতিনিধি ইকবাল কবির বলেন, ২০২১ সাল পর্যন্ত ১৪ হাজার ৬৩০ কোটি টাকার প্রয়োজন হবে। এ টাকার বড় অংশ ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর জন্য হাসপাতাল নির্মাণ, মেরামত ও চিকিৎসা বাবদ ব্যয় হবে।ঢাকা ঘোষণায় জলবায়ুবিষয়ক সমঝোতায় স্বাস্থ্য খাত অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। তাতে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ার প্রক্রিয়ায় স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিতে হবে এবং এ জন্য প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ দিতে হবে। তিন দিনের বৈঠকে বাংলাদেশসহ শ্রীলঙ্কা, নেপাল মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক অংশ নেন। এ ছাড়া উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর ৫৫ জন প্রতিনিধিও এ বৈঠকে যোগ দেন।