সার্ক দেশগুলোর প্রতি রাষ্ট্রপতি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত প্রয়াস চাই
প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার ও সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। গতকাল রোববার ঢাকায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের (এসডিইএফ) নবম শীর্ষ সম্মেলন ও আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।রাষ্ট্রপতি বলেন, ‘প্রযুক্তিজ্ঞানভিত্তিক তথ্য-উপাত্ত বিনিময়ের মাধ্যমে পরিবেশগত সমস্যার পাশাপাশি বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের সম্মিলিত প্রয়াস চালাতে হবে; পাশাপাশি মএকযোগে কাজ করতে হবে।’ রাষ্ট্রপতি দারিদ্র্যকে সার্কভুক্ত দেশগুলোতে বসবাসকারী দেড় শ কোটি মানুষের অভিশাপ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই দুর্দশার হাত থেকে মানুষকে মুক্ত করতে হলে সমন্বিত প্রয়াস প্রয়োজন।জিল্লুর রহমান বলেন, বিদ্যমান দারিদ্র্য দূর করতে তথ্যপ্রযুক্তির পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং আঞ্চলিক যোগাযোগ সহজীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রকৌশলীদের উন্নয়ন-প্রক্রিয়ার চাকা হিসেবে অভিহিত করেন। রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রকৌশলীরা সহযোগিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এ অঞ্চলের প্রধান সমস্যা দারিদ্র্য বিমোচনসহ মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ, যোগাযোগ, প্রযুক্তিবিনিময়, পানিসম্পদ ব্যবস্থাপনা ও অন্যান্য ক্ষেত্রে আরও অবদান রাখবেন। রাষ্ট্রপতি বলেন, ‘আমার বিশ্বাস, সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টায় আমরা দক্ষিণ এশিয়াকে এক সমৃদ্ধ শান্তির অঞ্চলে পরিণত করতে সক্ষম হব।’এ প্রসঙ্গে সরকার গঠনের পরপরই দক্ষিণ এশিয়াকে সন্ত্রাস ও দারিদ্র্যমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি।জিল্লুর রহমান নিজ দেশের পাশাপাশি এই অঞ্চলে উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদান রাখার জন্য সার্ক দেশগুলোর ডিপ্লোমা প্রকৌশলীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এসডিইএফের চেয়ারম্যান ভারতের প্রকৌশলী আর কে রাওয়াত, কো-চেয়ারম্যান পাকিস্তানের আখলাক আহমেদ, নেপালের লক্ষ্মণ বাহাদুর রয়ামাঝি, শ্রীলঙ্কার প্রকৌশলী কমলনাথ জিনাদাসা এবং এসডিইএফের মহাসচিব বাংলাদেশের প্রকৌশলী কাজী নজরুল ইসলাম। চার দিনের এই সম্মেলনে সার্ক দেশগুলোর উল্লেখযোগ্যসংখ্যক প্রকৌশলী অংশ নেন।