জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ুর পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এর প্রভাব পড়ছে কৃষি, মৎস্য এবং জনস্বাস্থ্যের ওপর। এই পরিবর্তনকে ঠেকানোর কোনো উপায় নেই। তাই জলবায়ু পরিবর্তনের সঙ্গে আমাদের মানিয়ে চলতে হবে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জলবায়ু পরিবর্তনবিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সাংবাদিক এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করে সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন (সিডিসি)। সহায়তায় ছিল জার্মান দূতাবাস। কর্মশালায় আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক পরিবেশ বিশেষজ্ঞ জিয়াউল হক এবং পরিবেশ সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরুণ কর্মকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিডিসির নির্বাহী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর। সেমিনারে পরিবেশ বিশেষজ্ঞ জিয়াউল হক জানান, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ঝড়-ঝঞ্ঝা বাড়ছে। বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে। তা ছাড়া এর প্রভাবে জলমগ্নতা তৈরি হবে, নদীভাঙনের পরিমাণও বাড়তে থাকবে। প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরুণ কর্মকার বলেন, আবহাওয়া ও জলবায়ু ভিন্ন জিনিস। এক দিনের বৃষ্টিপাত, তাপমাত্রার পরিমাণ, বাতাসের আর্দ্রতা হচ্ছে আবহাওয়া। আর কমপক্ষে ৩০ বছরের আবহাওয়ার গড় করে যে চিত্র আসে সেটাই হলো একটি অঞ্চলের জলবায়ু।মুহাম্মদ জাহাঙ্গীর আরও বলেন, জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এটি একটি প্রাথমিক আয়োজন মাত্র। এ বিষয়ে লেখালেখি এবং সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন বই এবং গবেষণাপত্র পড়ার ওপর গুরুত্ব দেন তিনি। কর্মশালায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিক, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।