জলবায়ু পরিবর্তন-উপযোগী কৃষি প্রযুক্তি উদ্ভাবনের তাগিদ
রাজধানীতে এক সেমিনারে বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের ঋতুচক্র বদলে যাচ্ছে। এর নেতিবাচক প্রভাব কৃষি উৎপাদনের ওপর পড়তে শুরু করেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য যেসব ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে, তা কৃষকের কাছে ভালোমতো পৌঁছাচ্ছে না। অনেক প্রযুক্তি সঠিকভাবে কাজও করছে না।
গতকাল রোববার ব্র্যাক সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ব্র্যাক অ্যাডভোকেসি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে ‘জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি: সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। বক্তারা জলবায়ু পরিবর্তন-উপযোগী কৃষিপ্রযুক্তি উদ্ভাবন করে তা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং প্রচারের ওপর জোর দেন।
সেমিনারে মূল বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, বাংলাদেশে এখন আর আগের মতো ষড়ঋতুর বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাচ্ছে না। জলবায়ুর ক্রমপরিবর্তনের সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে আমন উৎপাদনের ওপর; যার ফলে কৃষকেরাই সবচেয়ে ক্ষতির মুখে পড়ছেন। তাই পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো ধানের জাত উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে কৃষকেরা ধান উৎপাদন থেকে সরে এসে সবজির দিকে মাত্রাতিরিক্ত ঝুঁকে পড়বেন। এতে ধান উৎপাদন কমে গিয়ে খাদ্যনিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
অধ্যাপক আইনুন নিশাত গবেষণার মাঠকর্মের স্থান হিসেবে নওগাঁর চিত্র তুলে ধরে তিনি বলেন, সেখানে ও উত্তরাঞ্চলের বিশেষ কিছু জায়গায় এখন ধানের মৌসুমে কৃষকেরা ধান চাষ না করে সেই খেতে আমের ফলনে যাচ্ছেন। গবেষণার পর্যবেক্ষণে বাগেরহাট ও সাতক্ষীরার ৬০ শতাংশ এলাকায় সেচের ক্ষেত্রে ব্যবস্থাপনাগত ত্রুটির কথা উল্লেখ করা হয়।
চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ জলবায়ু পরিবর্তনের প্রভাব যত দ্রুত টের পাওয়া যাচ্ছে, তত দ্রুত নতুন পরিস্থিতির উপযোগী কৃষিপ্রযুক্তি উদ্ভাবন হচ্ছে কি না, সেই প্রশ্ন করেন। তিনি বলেন, ‘আমি গত বন্যার সময় কুড়িগ্রামে গিয়ে দেখেছি, সেখানকার কৃষকেরা বন্যায় ১৬ দিন পর্যন্ত ডুবে থাকে—এমন ধানের জাত চাষ করেছেন। কিন্তু ১৪ দিন ডুবে থাকার পরেই সেই জাত নষ্ট হয়ে যেতে দেখেছি। লবণাক্তসহিষ্ণু ধানের জাত বিআর-৪৭ মাঠ থেকে কাটার পর তা ঝরে যাচ্ছে। ফলে কৃষক এখন তাঁর আদি ও স্থানীয় জাত চাষ করছেন।’
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক বলেন, ‘আমাদের অনেকের মধ্যেই ধারণা, কৃষক হচ্ছেন ফসল উৎপাদনের যন্ত্র। তাঁরা যা উৎপাদন করবেন, তা আমরা সস্তায় কিনে খাব। এটাই আমাদের অনেকের কাছে তাঁদের উপযোগিতা। কিন্তু কৃষক ফসল মার খাওয়া, দাম না পাওয়াসহ নানা ঝুঁকি মাথায় নিয়ে উৎপাদন বাড়ানোর যে মহান দায়িত্ব পালন করছেন, তা আমরা সম্মানের চোখে দেখি না।’ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষকের জ্ঞানকে আমলে নিয়ে বিজ্ঞানীদের কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ বলেন, ব্যক্তিমালিকানা খাত মুনাফামুখী হওয়ায় এবং সরকারের কার্যক্রমে দীর্ঘসূত্রতার কারণে প্রান্তিক কৃষকেরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। উন্নয়ন সংস্থা হিসেবে ব্র্যাক সেই জায়গায় কাজ করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে ও গণমাধ্যমের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে অ্যাডভোকেসি করার ওপর গুরুত্ব দেন তিনি।
সেমিনারে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার গবেষক ও কর্মকর্তারা জলবায়ু পরিবর্তন-উপযোগী কৃষি নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।